ইমারতে ইসলামিয়া আফগানিস্তানের বেশ কয়েকজন ঊর্ধ্বতন কর্মকর্তার বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারি করেছে আন্তর্জাতিক অপরাধ আদালত (আইসিসি) এবং খুব শিগগির তাদের বিচার প্রক্রিয়া শুরুর ঘোষণাও দিয়েছে সংস্থাটি। তাদের এই সিদ্ধান্তের তীব্র প্রতিক্রিয়া জানিয়েছে তালেবান কর্তৃপক্ষ।
ইমারতে ইসলামিয়ার মুখপাত্র মোল্লা জাবিহুল্লাহ মুজাহিদ সাফ জানিয়ে দিয়েছেন, ‘আমরা তথাকথিত আন্তর্জাতিক অপরাধ আদালতকে স্বীকৃতিই দেই না। সেজন্য তাদের প্রতি আমরা কোনোরূপ প্রতিশ্রুতিবদ্ধও নই।’
তিনি বলেন, এই ধরনের বিবৃতি ও অভিযোগ ইমারতে ইসলামিয়ার বৈধ ও দৃঢ় অবস্থানকে কোনোভাবেই প্রভাবিত করতে পারবে না।
মোল্লা মুজাহিদ বলেন, ‘এই আদালত ও তাদের মিত্ররা গাজায় প্রতিদিন শত শত নারী ও শিশুকে নির্মমভাবে হত্যা করা দেখেও চুপ থাকে। সেজন্য তাদের পক্ষ থেকে ন্যায়বিচার ও মানবাধিকারের কথা বলা অত্যন্ত লজ্জাজনক।’
তিনি মন্তব্য করেন, ইহুদিবাদী সরকার ও তার মিত্রদের দ্বারা সংঘটিত গণহত্যা আজো অব্যাহত রয়েছে- তথাকথিত এই আদালতের চোখের সামনেই।
জোর দিয়ে মুজাহিদ বলেন, ‘ইমারতে ইসলামিয়ার নেতৃত্ব শরিয়াহর বিধান অনুযায়ী দেশে অভূতপূর্ব ন্যায়বিচার প্রতিষ্ঠা করেছে। যারা শরিয়াকে অন্যায্য বলে অপবাদ দেয় অথবা যারা শরিয়ার অনুসারীদের হুমকি দেয়, তারা আসলে ইসলাম, ইসলামী আইন এবং বিশ্ব মুসলিম উম্মাহর বিশ্বাসের প্রতি অবমাননা প্রদর্শন করছে।’
ইমারতে ইসলামিয়ার এই প্রতিক্রিয়া এমন এক সময়ে এসেছে, যখন আন্তর্জাতিক সম্প্রদায়ের নিরবতা এবং তথাকথিত মানবাধিকার সংস্থাগুলোর পক্ষপাতমূলক অবস্থান নিয়ে বৈশ্বিক মহলে প্রশ্ন উঠছে।
সূত্র : বাকতার নিউজ এজেন্সি




