নিজস্ব প্রতিবেদক
চলমান আওয়ামী লীগ নিষিদ্ধের আন্দোলনে খেলাফত ছাত্র আন্দোলন দৃঢ়ভাবে সমর্থন জানাচ্ছে বলে জানিয়েছেন বাংলাদেশ খেলাফত ছাত্র আন্দোলনের সভাপতি হাফেজ জাকির বিল্লাহ।
তিনি বলেন, চলমান আওয়ামী লীগ নিষিদ্ধের আন্দোলনে খেলাফত ছাত্র আন্দোলন দৃঢ়ভাবে সমর্থন জানাচ্ছে। ফ্যাসিবাদী কায়দায় দেশের ছাত্র-জনতা হত্যাকারী সন্ত্রাসী সংগঠন আওয়ামী লীগসহ তার সহযোগী সকল সংগঠন নিষিদ্ধ করতে হবে। পাশাপাশি আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল আইনে আওয়ামী লীগের দলগত বিচারের বিধান যুক্ত করতে হবে এবং অবিলম্বে জুলাইয়ের ঘোষণাপত্র জারি করতে হবে।
শুক্রবার (৯ মে) সকালে কেন্দ্রীয় কার্যালয়ে দলটির মাসিক পরামর্শ সভায় তিনি এসব কথা বলেন।
জাকির বিল্লাহ বলেন, আওয়ামী লীগের দীর্ঘদিনের অপশাসন, দুর্নীতি, গুম-খুন, বিডিআর গণহত্যা-শাপলা গণহত্যা ও ক্রমাগত মানবাধিকার লঙ্ঘনের কারণে জনগণের মধ্যে যে ক্ষোভের সৃষ্টি হয়েছে তার প্রেক্ষিতে ৫ আগস্টের গণঅভ্যুত্থানের মাধ্যমে জনগণ আওয়ামী লীগ নিষিদ্ধের রায় দিয়েছে। নয় মাস পরও আইনীভাবে আওয়ামী লীগ নিষিদ্ধ করতে না পারা বর্তমান সরকারের ব্যর্থতা। বাংলাদেশ খেলাফত ছাত্র আন্দোলন এই ন্যায়সঙ্গত আন্দোলনে পূর্ণ সংহতি জানাচ্ছে ও সশরীরে রাজপথে থাকবে ইনশাআল্লাহ।
সংগঠনটির সাধারণ সম্পাদক জাকির হোসেনের সঞ্চালনায় অনুষ্ঠিত সভায় অন্যান্যের মাঝে উপস্থিত ছিলেন সাংগঠনিক সম্পাদক শাহীনুর আলম আকন্দ, সহ-সাংগঠনিক সম্পাদক মো: আরমান হোসাইন, প্রচার সম্পাদক শফিকুল ইসলাম, অর্থ সম্পাদক মুনঈম খান, সমাজ কল্যাণ সম্পাদক মো: জাহিদ হাসান।
তিনি আরো বলেন, যারা নিরীহ ধর্মপ্রাণ মানুষদের তাদের ধর্মীয় বেশভূষা বিশেষ করে পুরুষদের দাঁড়ি-টুপি পরা ও মহিলাদের হিজাব পরার কারণে অপমান করেছে, নারী শিক্ষার্থীদের ধর্ষণ করেছে তাদের বিচার নিশ্চিত করতে হবে। দেশের সকল ছাত্র সমাজ ও জনগণকে এই আন্দোলনে সক্রিয় অংশগ্রহণের আহ্বান জানান তিনি।
সরকারের প্রতি আহ্বান জানিয়ে জাকির বিল্লাহ বলেন, জনগণের এই ন্যায়সঙ্গত দাবিকে সম্মান জানিয়ে অবিলম্বে আওয়ামী লীগকে নিষিদ্ধ ঘোষণা করতে হবে এবং তাদের সকল অপকর্মের সুষ্ঠু তদন্ত ও বিচার প্রক্রিয়া শুরু করা করতে হবে।




