এনসিপি, এনসিপির কমিটি, আওয়ামী লীগ নেতা, নতুন ধারার রাজনীতি

আশুগঞ্জে এনসিপির কমিটিতে ছাত্রআন্দোলন বিরোধী আওয়ামী লীগ নেতা!

ব্রাহ্মণবাড়িয়া প্রতিনিধি

আশুগঞ্জে নবগঠিত এনসিপি (ন্যাশনাল সিটিজেন পার্টি) উপজেলা সমন্বয় কমিটিতে ছাত্রআন্দোলনবিরোধী কর্মকাণ্ডে জড়িত থাকার অভিযোগ থাকা এক আওয়ামী লীগ নেতার অন্তর্ভুক্তি নিয়ে তীব্র প্রতিক্রিয়া সৃষ্টি হয়েছে।

শনিবার (১২ জুলাই) এনসিপির সদস্য সচিব আখতার হোসেন ও দক্ষিণাঞ্চলের মুখ্য সংগঠক হাসনাত আব্দুল্লাহ স্বাক্ষরিত এক প্রেস বিজ্ঞপ্তিতে আশুগঞ্জসহ দেশের কয়েকটি উপজেলার কমিটি ঘোষণা করা হয়, যা দলটির ভ্যারিফায়েড ফেসবুক পেজেও প্রকাশ করা হয়।

ঘোষিত কমিটিতে আশুগঞ্জ উপজেলার শরীফপুর ইউনিয়নের ১ নম্বর ওয়ার্ড আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও সাবেক ইউপি সদস্য নবী হোসেন সাগরের নাম রয়েছে। এই ঘোষণার পরপরই স্থানীয় রাজনৈতিক মহল এবং সামাজিক যোগাযোগমাধ্যমে ব্যাপক সমালোচনা শুরু হয়।

তথ্য অনুযায়ী, নবী হোসেন সাগর দীর্ঘদিন ধরে আওয়ামী লীগের রাজনীতির সাথে জড়িত। ২০১৪ সালের রাতের ভোট, ২০১৮ সালের বিতর্কিত নির্বাচনে এবং স্থানীয় ইউপি নির্বাচনে কেন্দ্র দখলের অভিযোগে তিনি আলোচিত ছিলেন। সর্বশেষ, ২০২৪ সালের ৪ আগস্ট আশুগঞ্জ গোলচত্বরে ছাত্র ও সাধারণ জনগণের ‘বৈষম্যবিরোধী আন্দোলনে’ হামলার ঘটনায় আওয়ামী লীগ ও অঙ্গ সংগঠনের নেতাকর্মীদের সাথে তাকে সরাসরি অংশ নিতে দেখা যায়।

এমন একজন নেতার ‘নতুন ধারার রাজনীতি’র কথা বলা একটি দলের কমিটিতে অন্তর্ভুক্তি এনসিপির আদর্শ ও অবস্থানের সাথে সাংঘর্ষিক বলে মনে করছেন অনেকেই।

এ বিষয়ে এনসিপির আশুগঞ্জ উপজেলা সমন্বয় কমিটির যুগ্ম সমন্বয়ক সুফিয়ান আজাদ বলেন, ‘আমরা বিষয়টি জেনে বিব্রত। তার অতীত রাজনৈতিক ভূমিকা সম্পর্কে আগে জানা ছিল না। আমরা কেন্দ্রকে জানিয়ে দ্রুত সংশোধনের পদক্ষেপ নেব।’

স্থানীয় বিশ্লেষকরা বলছেন, যে দলটি পুরনো রাজনীতির বিকল্প হতে চায়, তাদের উচিত হবে বিতর্কিত অতীত থাকা ব্যক্তিদের বিষয়ে আগে থেকেই যাচাই করা।

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *


Scroll to Top