ইসরাইলি সেনাবাহিনীতে আত্মহত্যার ঘটনা আশঙ্কাজনকহারে বেড়ে চলেছে। এরই মধ্যে দক্ষিণ ইসরাইলের একটি সামরিক ঘাঁটিতে এক সৈন্য নিজেকে গুলি করে আত্মহত্যার চেষ্টা করে গুরুতর আহত হয়।
ইসরাইলি সংবাদপত্র মাআরিফ জানিয়েছে, আহত সৈন্য বর্তমানে সঙ্কটজনক অবস্থায় রয়েছেন।
এই ঘটনা গত ১০ দিনের মধ্যে ইসরাইলি সেনাবাহিনীতে আত্মহত্যার চতুর্থ ঘটনা। এর মধ্যে গাজা যুদ্ধে অংশগ্রহণকারী সৈন্যদের আত্মহত্যার ঘটনাই বেশি। ইসরাইলি চ্যানেল ১২ এবং অন্যান্য মিডিয়া জানিয়েছে, এই সময় অন্তত তিনজন সৈন্য আত্মহত্যা করেছে, যাদের সকলেই গাজায় যুদ্ধ করেছিলেন।
সোমবার সকালে নাহাল ব্রিগেডের এক সৈন্য গোলান হাইটসের একটি সামরিক ঘাঁটিতে আত্মহত্যা করেন। ইয়োদিউথ আহারনোথ জানিয়েছে, এই সৈন্য এক বছরেরও বেশি সময় ধরে গাজায় সক্রিয় যুদ্ধ পরিচালনায় নিয়োজিত ছিলেন।
এর আগের সপ্তাহে গোলানি ব্রিগেডের এক সৈন্য নিজেকে গুলি করে আত্মহত্যা করেন। তাকে সামরিক তদন্ত পুলিশের জিজ্ঞাসাবাদের মুখোমুখি হতে হয়েছিল, যার পর তার অস্ত্র বাজেয়াপ্ত করা হয়। কিন্তু কিছু সময় পর তিনি তার সহকর্মীর অস্ত্র নিয়ে আত্মহত্যা করেন বলে হারেৎজ জানিয়েছে।
একই সপ্তাহে ওয়ালা নিউজ জানিয়েছে, গাজা ও লেবাননের দীর্ঘমেয়াদী যুদ্ধের মানসিক চাপ সহ্য করতে না পেরে আরেক সৈন্য আত্মহত্যা করেছেন।
এই ধারাবাহিক ঘটনাগুলো ইসরাইলি সামরিক বাহিনীর ভেতরে মানসিক স্বাস্থ্য সঙ্কটের ইঙ্গিত দিচ্ছে। হারেৎজ পত্রিকা জানিয়েছে, ২০২৫ সালের শুরু থেকে এখন পর্যন্ত কমপক্ষে ১৫ জন ইসরাইলি সৈন্য আত্মহত্যা করেছেন। এদিকে, ২০২৪ সালে আত্মহত্যার সংখ্যা ছিল ২১।
সংবাদমাধ্যমটি আরো জানায়, আত্মহত্যাকারী অধিকাংশ সৈন্যই সক্রিয় দায়িত্ব পালনকারী রিজার্ভ সদস্য ছিলেন, যারা যুদ্ধক্ষেত্রের কঠিন বাস্তবতার সম্মুখীন হয়েছিলেন। যার ফলে তাদের মানসিক স্বাস্থ্য বিপর্যস্ত হয়ে পড়ে।
বিশ্লেষকদের মতে, এই আত্মহত্যার প্রবণতা ইসরাইলি সেনাবাহিনীর অভ্যন্তরীণ অবস্থা ও যুদ্ধের নেতিবাচক মানসিক প্রভাব নিয়ে গভীর উদ্বেগ তৈরি করছে।
সূত্র : আল জাজিরা




