বাংলাদেশে ইসলামপন্থী রাজনীতি একটি নতুন আদর্শিক সন্ধিক্ষণে উপনীত হয়েছে, যেখানে বাংলাদেশ জামায়াতে ইসলামীর কৌশলগত ‘লিবারেলাইজেশন’-এর প্রতি ঝুঁক স্পষ্টভাবে বুঝিয়ে দিচ্ছে যে, রাজনৈতিক ক্ষমতার অভিলাষ ইসলামি আদর্শের চেয়ে প্রবল হয়ে উঠেছে।
জামায়াত এখন নিজেদের পূর্বঘোষিত ইসলামি রাষ্ট্রচিন্তা বা শরিয়াহভিত্তিক রূপান্তরের চেয়ে অধিক গুরুত্ব দিচ্ছে জনপ্রিয়তা, গ্রহণযোগ্যতা ও রাজনৈতিক সহনশীলতার খোলস রচনায়। তারা এমন এক রাজনৈতিক ভাষা তৈরি করছে, যেখানে ইসলাম একটি প্রতীকী আদর্শ হিসেবে ব্যবহৃত হয়, ব্যবস্থাপনা ও নেতৃত্বের কেন্দ্রে থাকে রাজনৈতিক চাতুর্য। এর ফলে রাজনৈতিক বাস্তবতা ইসলামকে প্রভাবিত করছে, ইসলাম রাজনীতিকে নয়।
এই লিবারেল পথচলা আপাতদৃষ্টিতে ফলপ্রসূ হতে পারে, কারণ এটি তরুণ, মধ্যবিত্ত ও ভোট-সচেতন জনগোষ্ঠীর কাছে ‘সুন্দর ইসলামি চেহারা’ হিসেবে গ্রহণযোগ্যতা অর্জন করছে। কিন্তু আদর্শিক দৃষ্টিকোণ থেকে এটি একটি ভয়াবহ প্রতারণা। কারণ এখানে ইসলামকে সাংবিধানিক, সাংস্কৃতিক ও শাসন কাঠামোয় প্রতিষ্ঠার মৌলিক আকাঙ্ক্ষা অদৃশ্য হয়ে যাচ্ছে। এর ফলে যারা রক্ষণশীল চিন্তা ও শরিয়াহভিত্তিক রাজনৈতিক আদর্শ ধারণ করে এসেছে, যেমন দেওবন্দি ঘরানার চরমোনাই, হেফাজত, খেলাফত মজলিস বা জমিয়ত, তাদের আদর্শিক অবস্থান জনমনে দুর্বোধ্য হয়ে উঠছে এবং সংগঠনগত দুর্বলতার কারণে তারা জনসমর্থনে দিনকে দিন পিছিয়ে পড়ছে।
এই পটভূমিতে যখন পিআর পদ্ধতির নির্বাচন দাবি উঠে, তখন তা আদর্শের বিজয় নয়; বরং দলের বিজয়কেই নিশ্চিত করার মাধ্যম হয়ে ওঠে। ইসলামে নেতৃত্ব আমানত, যেখানে মানুষের চরিত্র, তাকওয়া ও জনসম্পৃক্ততাই প্রাধান্য পায়। কিন্তু পিআর পদ্ধতিতে আদর্শের নামে দলকে ভোট দিয়ে মানুষ সেই আমানত তুলে দেয় একটি জোট বা সংগঠনের হাতে, যারা পরবর্তীতে নিজেদের সুবিধামতো ব্যক্তি নির্বাচন করে সংসদে পাঠায়। এতে সাধারণ মানুষের প্রতিনিধি নির্বাচনের অধিকার কার্যত বাতিল হয়ে যায়।
এই পরিস্থিতিতে কনজার্ভেটিভ দলগুলো যখন নিজেদের অস্তিত্ব রক্ষার জন্য এই পিআর পদ্ধতির পক্ষে অবস্থান নেয়, তখন তারা অজান্তেই নিজেদের আদর্শিক দাবিকে আঘাত করে।
যে ভিত্তিতে কনজার্ভেটিভ ইসলামি দলগুলো জামায়াতের আদর্শচ্যুতি ও লিবারেল রূপান্তরকে সমালোচনা করেছিল, এখন তারাই একই কাঠামোতে প্রবেশ করছে শুধুমাত্র পার্টিসিস্টেমে কিছু আসন পাওয়ার জন্য। এর ফলে ইসলামি রাজনীতিতে আদর্শ ও কৌশলের সীমারেখা বিলীন হয়ে যায়।
কৌশল যেখানে আধিপত্যবাদী হয় সেখানে আদর্শ কেবল ব্যাকরণগত প্রথা হিসেবে পড়ে থাকে, রাজনৈতিক বাস্তবতায় তার কোনো প্রভাব থাকে না। ফলে এই পন্থা একটি ভয়াবহ ভবিষ্যতের ইঙ্গিত দেয়, যেখানে সব ইসলামপন্থী দল একত্র হয়ে ইসলামি রাজনৈতিক সংস্কৃতিকে রূপান্তর করে দেবে একটি ‘আইডিওলজিক্যাল ভোট ব্যাংক’-এ, কিন্তু সেই ব্যাংকের অভ্যন্তরে আদর্শিক কোনো গভীরতা থাকবে না।
কনজার্ভেটিভ দলগুলো হয়ত সাময়িকভাবে পিআর পদ্ধতিতে একটি বা দুটি আসন লাভ করতে পারে, কিন্তু সেই আসন হবে জামায়াত-প্রবর্তিত কাঠামোর অন্তর্ভুক্ত। অর্থাৎ ইসলামি রাজনীতিকে ‘আদর্শের ভোট’ বলার এই ধারণা জামায়াতের তৈরি ফ্রেমওয়ার্ক, যেখানে আদর্শ বলতে বোঝায় আমরা ইসলামি, কাজেই আমাদের ভোট দিন।
এই পদ্ধতিতে আদর্শ নয়, সংখ্যার গুরুত্ব বেশি। এর ফলে শরিয়াহভিত্তিক রাষ্ট্রদর্শনের ভাষা ম্লান হয়ে যাবে এবং ইসলামি রাজনীতির ভেতর থেকেই একটি নতুন প্রজন্ম জন্ম নেবে, যারা ইসলামের নামে রাজনীতি করবে, কিন্তু ইসলামের রাজনৈতিক দর্শনের প্রতি দায়বদ্ধ থাকবে না।
এই তাত্ত্বিক সংকটের একমাত্র সমাধান হলো, আদর্শকে কৌশলের দাসে পরিণত না করা। ইসলামি দলগুলোর উচিত, রাজনৈতিক জোট ও নির্বাচন ব্যবস্থার কাঠামোতে প্রবেশের আগে নিজেদের আদর্শিক অবস্থানকে স্পষ্ট করা এবং সেই অবস্থান যেন কোনো কৌশলের দ্বারা প্রলিপ্ত না হয়, সেটা নিশ্চিত করা।
ইসলাম কোনো দলের মালিকানাধীন নয়, ইসলাম একটি পূর্ণ জীবনব্যবস্থা। যেখানে নেতৃত্ব, রাষ্ট্র ও সমাজ সব কিছু আল্লাহর নির্দেশিত পন্থায় আসে।
আদর্শ যদি সময়ের চাপে কৌশলের কাছে আত্মসমর্পণ করে, তাহলে সে কৌশলের ফল যতই সুবিধাজনক হোক, তা কখনো ইসলামি আন্দোলনের প্রকৃত সফলতা হিসেবে বিবেচিত হবে না; বরং তা হবে একটি বুদ্ধিভিত্তিক রাজনৈতিক প্রজন্মের জন্ম, যারা ইসলামের নাম নিবে ঠিকই, কিন্তু ইসলামকে কেন্দ্র করে দাঁড়াবে না।




