টুডেনিউজ ডেস্ক
রাজনৈতিক অঙ্গনে শিষ্টাচার ও দায়িত্বশীলতার চর্চা বাড়াতে ইসলামী চিন্তাবিদ ও আলেমগণ বিশেষভাবে আহ্বান জানিয়েছেন। তারা বলেছেন, রাজনীতি করতে গিয়ে ব্যক্তিগত আমল ও সামাজিক সৌহার্দ যেন ক্ষতিগ্রস্ত না হয়, সে ব্যাপারে সকলকে সচেতন থাকতে হবে।
প্রখ্যাত আলেম মাওলানা শরিফ মুহাম্মদ বলেন, ‘প্রতিবাদ, বিপ্লব ও জাতীয় উদ্ধার তো এক জিনিস। কিন্তু রাজনৈতিক বিবাদ ও সংঘাতে অনেক সময় ব্যক্তিগত নেকীর হেফাজত ও সামাজিক সৌহার্দের সৌন্দর্য ধ্বংস হতে থাকে। এসব বিষয়ে যার যার অবস্থানে প্রত্যেকেরই ফিকির ও সযত্ন সচেতনতা বজায় রাখার চেষ্টা করা দরকার। আল্লাহ তাআলা আমাদের ওপর দয়া করুন।’
এদিকে, ইসলামী রাজনীতিতে শালীনতা বজায় রাখার গুরুত্ব তুলে ধরেন মাওলানা মহিউদ্দিন ফারুকি। তিনি বলেন, ‘রাজনীতিতে অনেকেই অনেক কথা বলে। অনেক কিছু করে। কিন্তু ইসলামী রাজনীতি যারা করেন, আপনারা একটু ভেবে চিন্তে বলবেন, করবেন। আপনারা অশ্লীল বাক্য, অশ্রাব্য স্লোগান, অসুন্দর অঙ্গভঙ্গি করা থেকে বিরত থাকুন। নিজেদের কর্মীদের বিরত রাখুন। সার্বিক আচরণ, উচ্চারণে ভদ্রতা ও শিষ্টাচার বজায় রাখুন। এতে রাষ্ট্র ও নিজেদের জন্য কল্যাণ হবে।’
দুজনেই মনে করেন, ইসলামী রাজনীতির পরিচয় হওয়া উচিত উত্তম চরিত্র, পরিশীলিত ভাষা এবং আদর্শিক সৌন্দর্যে। রাজনৈতিক পরিবেশকে উত্তপ্ত না করে, তা শুদ্ধ ও ইতিবাচক রাখাই হবে প্রকৃত ইসলামী দৃষ্টিভঙ্গি।




