ইসলামী রেনেসাঁ আন্দোলনে যেসব বিভাগ থাকা দরকার

জি মোস্তফা

ইসলামী রেনেসাঁ আন্দোলনের কাজের সুবিধার্থে কয়েকটি বিভাগ থাকা দরকার। যথা –

১. ধর্ম বিভাগ : এখানে যারা কাজ করবে তারা শরীয়ত, মাকাসীদুশ শরীয়াহ, ফিকহ, মাসায়ালা-মাসায়েল, তাফসীর, উসূলে তাফসীর, উসূলে ফিকহ, উসূলে হাদীস, উলূমুল হাদীস ইত্যাদি সম্পর্কে গভীর জ্ঞান রাখবে। এসব নিয়ে কাজ করার জন্য ইন্সটিটিউট গড়ে তুলতে হবে, জার্নাল বের করা হবে। এখানে সহীহ কুরআন তেলাওয়াত, ইবাদতের সঠিক পদ্ধতি, আকীদা ইত্যাদি শেখানোর ব্যবস্থা থাকবে।

২. বুদ্ধিবৃত্তিক বিভাগ : এ বিভাগে একটা দল কাজ করবে, যাদের জ্ঞান রয়েছে দর্শন, সমাজবিজ্ঞান, অর্থনীতি, রাজনীতি, কৃষ্টি ও তুলনামূলক ধর্মতত্ত্ব বিষয়ে। তারা পশ্চিমা জ্ঞান ও সভ্যতার মোকাবেলায় কাজ করবে৷ আন্তর্জাতিক মানের জার্নাল প্রকাশ করা এ বিভাগের কাজ।

৩. সমাজসেবা ও সামাজিক নেতৃত্ব : যারা সমাজে নেতৃত্ব দেয়ার মতো গুণসম্পন্ন তারা এ বিভাগে কাজ করবে। এ বিভাগের কাজ হচ্ছে পলিটিক্যাল উইং পরিচালনা ও পলিটিক্যাল পার্টি কায়েম করা।

৪. তানজিমাত ও তারবিয়াত বিভাগ : এখানে সমস্ত জনশক্তি কাজ করবে। আমীরের অধীনে সমস্ত মহানগর, জেলা ও থানার লোকবল এর অধীনে থাকবে। এটাই থাকবে মূল সংগঠন। এখানে রাজনীতিবিদ, আলেম, পেশাজীবী, বুদ্ধিজীবী ও অন্য সকল কর্মীকে হেদায়েতের শিক্ষা দেবে, তাসাউফের তালীম দেবে, ইসলামের আলোকে সমগ্র জিন্দেগী পরিচালনা ও জীবনযাপনের শিক্ষা দেবে। ইসলামী আন্দোলনের সকল শাখাকে পরিচালনা করবে তানজিমাত ও তারবিয়াত শাখা।

৫. শ্রমসম্পদ ও কর্মসংস্থান বিভাগ : শ্রমিকদের অধিকার, চাকরি, জীবনজীবিকা, বেকারদের কর্মসংস্থান, পেশার মান উন্নয়ন, বেতনভাতা বৃদ্ধি, নতুন কর্মসংস্থান তৈরি, শিল্পকারখানা প্রতিষ্ঠা, শিল্পায়ন ইত্যাদি হবে এ বিভাগের কাজ। চাষী কল্যাণ বিভাগ, শ্রমিক কল্যাণ বিভাগ, ডক্টর্স ফোরাম, আইনজীবী ফোরাম, পেশাজীবী ফোরাম, ছাত্র বিভাগ, শিক্ষক ফোরাম, সাংবাদিক ফোরাম এ বিভাগের অধীনে থাকবে।

৬. অর্থ বিভাগ : এ বিভাগ শুধু আয়-ব্যয়ের হিসাব রাখবে না, একইসাথে সারাদেশের কর্মীদের আয়-ব্যয়, জীবনযাপন, কর্মীদের শিল্প-কারখানা পরিচালনা, তাদের প্রতিষ্ঠানের এমপ্লয়ীদের যথাসময়ে যথাযথ বেতন নিশ্চিত করণ, নতুন উদ্যোগ ইত্যাদি পরিচালনা করবে।

৭. স্বাস্থ্য ও চিকিৎসা বিভাগ : এর অধীনে নিরাপদ খাদ্য, খাদ্যনিরাপত্তা, পানি, পরিবেশ, চিকিৎসা, ওষুধের নিরাপত্তা ইত্যাদি বিষয়ে কাজ করতে হবে। আন্তর্জাতিক মানের চিকিৎসক, নার্স তৈরি, মেডিসিন উৎপাদন, চিকিৎসা বিষয়ে গবেষণা, নিরাপদ খাদ্য প্রভৃতি নিশ্চিত করা এ বিভাগের কাজ।

৮. সাহিত্য, কলা ও কৃষ্টি ও বিভাগ : সাহিত্যিকদের নিয়ে যথার্থ পরিকল্পনা করে কাজ করা, উন্নতমানের সাহিত্য সৃষ্টি, ক্যালিগ্রাফি, পেইন্টিং, বিভিন্ন নকশা তৈরি, গান ও মিউজিক নিয়ে কাজ করবে এ বিভাগ। নাটক, সিনেমা তৈরিও এই বিভাগের কাজ।

৯. মিডিয়া ও সামরিক প্রশিক্ষণ বিভাগ : মিডিয়া প্রতিষ্ঠা, পরিকল্পনা ও কাজ এ বিভাগের অধীনে। ইন্টেলিজেন্স ও সামরিক প্রশিক্ষণও হবে এ বিভাগের কাজ। সরকারিভাবে সকল নাগরিককে সামরিক প্রশিক্ষণ প্রদানের জন্য আন্দোলন করবে, চাপ সৃষ্টি করবে এবং প্রয়োজনে ভৌগোলিক অবস্থান ও পরিবেশ-পরিস্থিতি বুঝে নিজেদের কর্মীদের সামরিক প্রশিক্ষণ প্রদান করবে।

১০. গবেষণা, পরিসংখ্যান ও আন্তর্জাতিক বিভাগ :
দুনিয়ার সমস্ত বিষয়ের ডাটা ও পরিসংখ্যান সংরক্ষণ এ বিভাগের কাজ। বিজ্ঞান চর্চা, বৈজ্ঞানিক গবেষণা, আবিষ্কার-উদ্ভাবন, প্রযুক্তি তৈরি, মহাকাশ গবেষণা, সমুদ্র গবেষণা ইত্যাদি এর অধীনে থাকবে। সমগ্র মুসলিম উম্মাহ, বিশেষ করে মযলুম ভূখণ্ড নিয়ে সোচ্চার থাকবে আন্তর্জাতিক বিভাগ। আন্তর্জাতিক শোষণ, রাজনীতি, অর্থনীতি ও যাবতীয় বিষয়ে এ বিভাগ কাজ করবে।

১১. পরিবেশ পানি ও কৃষি বিভাগ : এ তিনটা জিনিসের ওপর মানবসভ্যতা দাঁড়িয়ে থাকে। মানুষ লৌহ-স্বর্ণ খেয়ে বাঁচতে পারে না। পরিবেশ, পানি ও কৃষির ওপর আমাদের জীবন-জীবিকা দাঁড়িয়ে আছে। কাজেই বিশেষ করে এ তিনটি বিষয় নিয়ে ইসলামী আন্দোলনকে কাজ করতে হবে। এর অধীনে জলাভূমি ও নদী সংরক্ষণের কাজ করতে হবে, পরিবেশের যাবতীয় উপাদান ও বাস্তুসংস্থান নিয়ে কাজ করতে হবে এবং কৃষির সকল সেক্টরে ভূমিকা রাখতে হবে।

১২. স্থাপত্য ও নগরায়ন বিভাগ : স্থাপত্য ও নগরায়নের ইসলামীকরণ এবং সেই ইসলামী ঐতিহ্যের আলোকে স্থাপত্য ও নগর গড়ে তোলা এ বিভাগের কাজ।

এই ১২টি বিভাগ নিয়ে ইসলামী রেনেসাঁ আন্দোলন কাজ করে যাবে।

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *


Scroll to Top