এখনো বহাল বিতর্কিত আদেশ, বছরে ২০০ কোটি টাকার রাজস্বহানি

আন্তর্জাতিক এসএমএস খাত থেকে সরকার প্রতিবছর প্রায় ২০০ কোটি টাকার রাজস্ব বঞ্চিত হচ্ছে। যুগান্তরের বৃহস্পতিবারের খবরে প্রকাশ, ২০০৮ সালে আন্তর্জাতিক গেটওয়ে (আইজিডব্লিউ) চালুর পর থেকে আন্তর্জাতিক এসএমএস সেবা আইজিডব্লিউর আওতার বাইরে রেখে মোবাইল নেটওয়ার্ক অপারেটরদের (এমএনও) হাতে তুলে দেয়া হয়েছে।

সাবেক আইসিটি উপদেষ্টা সজীব ওয়াজেদ জয়ের সেই প্রশাসনিক নির্দেশনা এখনো বহাল থাকায় সরকার বিপুল অঙ্কের রাজস্ব হারাচ্ছে। পতিত সরকারের এক বছরেরও বেশি সময় পেরিয়ে গেলেও বাংলাদেশ টেলিযোগাযোগ নিয়ন্ত্রণ কমিশন (বিটিআরসি) রহস্যজনক কারণে জয়ের সেই সিদ্ধান্ত থেকে সরে আসেনি।

প্রতিবেদন অনুযায়ী, দীর্ঘদিনের প্রশাসনিক দুর্বলতা ও প্রভাবশালী ব্যক্তির নির্দেশনার ফলে এই ক্ষতি হচ্ছে। আন্তর্জাতিক এসএমএস সেবা আইজিডব্লিউর আওতায় না থাকায় শুধু রাজস্ব হারানো নয়, মানি লন্ডারিং এবং জাতীয় নিরাপত্তার ঝুঁকিও তৈরি হচ্ছে।

বর্তমানে আন্তর্জাতিক ইনকামিং এসএমএস থেকে সরকার যে রাজস্ব অর্জন করছে, তা যদি আইজিডব্লিউর মাধ্যমে পরিচালিত হতো, তাহলে আয় প্রায় আটগুণ বৃদ্ধি পেত। আইজিডব্লিউ অপারেটরদের সংগঠন মনে করে, দেশীয় বিনিয়োগকারীদের সক্ষমতা থাকা সত্ত্বেও এই খাত বিদেশিদের হাতে রাখা যৌক্তিক নয়।

সংস্থার পক্ষ থেকে দাবি করা হচ্ছে, সরকারের উচিত দ্রুত ও কার্যকর পদক্ষেপ নিয়ে নতুন নীতিমালা প্রণয়ন করা। আইএলডিটিএস নীতিমালা মেনে আন্তর্জাতিক এসএমএস সেবা পরিচালনা করলে রাজস্ব বৃদ্ধি ছাড়াও খাতের শৃঙ্খলা ও স্বচ্ছতা নিশ্চিত হবে, এবং মানি লন্ডারিং ও জাতীয় নিরাপত্তার ঝুঁকিও কমানো সম্ভব হবে।

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *


Scroll to Top