কবরের উপর বসা যাবে কিনা?

মুফতি হাফিজুর রহমান মেহেরপুরী

দুনিয়ার জীবন শেষ হলে মানুষ আখেরাতের পথে অনন্তকালের জন্য যাত্রা করে। কবর হলো আখেরাতের সফরের প্রথম ঘাঁটি। শরীয়তের দৃষ্টিতে কবর সম্মান ও মর্যাদার জায়গা। যেখানে মৃত লোকদের দাফন করা হয়। নবীজী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কবরের উপর বসতে, হাঁটাচলা করতে এবং কবর পদদলিত করতে নিষেধ করেছেন। কেননা এর দ্বারা কবরের বেহুরমতি বা অসম্মান করা হয়।

০১. হযরত আবু হুরায়রা রা. হতে বর্ণিত,
‎ قَالَ قَالَ رَسُولُ اللَّهِ صلى الله عليه وسلم لأَنْ يَجْلِسَ أَحَدُكُمْ عَلَى جَمْرَةٍ فَتُحْرِقَ ثِيَابَهُ فَتَخْلُصَ إِلَى جِلْدِهِ خَيْرٌ لَهُ مِنْ أَنْ يَجْلِسَ عَلَى قَبْرٍ‏ ‏.
তিনি বলেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, তোমাদের কারো জ্বলন্ত আঙ্গারের উপর বসে থাকা এবং তাতে তার কাপড় পুড়ে গিয়ে শরীরের চামড়া দগ্ধীভুত হওয়া কবরের উপর বসার চেয়ে উত্তম। (সহীহ মুসলিম, ১/৩১২, হা. ৯৭১, সুনানে আবু দাউদ, ৪৬০, হা. ৩২২৮)

০২. হযরত আবু মারছাদ গানাবী রা. হতে বর্ণিত,
قَالَ قَالَ رَسُولُ اللَّهِ صلى الله عليه وسلم: لاَ تَجْلِسُوا عَلَى الْقُبُورِ وَلاَ تُصَلُّوا إِلَيْهَا ‏ ‏.
তিনি বলেন, নবীজী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, তোমরা কখনো কবরের উপর বসবে না এবং কবরের দিকে মুখ করে নামাজও আদায় করবে না। (সহীহ মুসলিম, ১/৩১২, হা. ৯৭২, সুনানে আবু দাউদ, ৪৬০, হা. ৩২২৯)

০৩. হযরত জাবের বিন আব্দুল্লাহ রা. হতে বর্ণিত,
‎ قَالَ نَهَى رَسُولُ اللَّهِ صلى الله عليه وسلم أَنْ يُجَصَّصَ الْقَبْرُ وَأَنْ يُقْعَدَ عَلَيْهِ وَأَنْ يُبْنَى عَلَيْهِ ‏.
তিনি বলেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কবর পাকা করতে, কবরের উপর বসতে ও কবরের উপর গৃহ নির্মাণ করতে নিষেধ করেছেন। (সহীহ মুসলিম, ১/৩১২, হা. ৯৭০)

০৪. হযরত জাবের রা. হতে বর্ণিত,
قَالَ نَهَى النَّبِيُّ صلى الله عليه وسلم أَنْ تُجَصَّصَ الْقُبُورُ وَأَنْ يُكْتَبَ عَلَيْهَا وَأَنْ يُبْنَى عَلَيْهَا وَأَنْ تُوطَأَ.‏
তিনি বলেন, নবীজী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কবর পাকা করতে, তার উপর কোন কিছু লিখতে বা কিছু নির্মাণ করতে এবং তা পদদলিত করতে নিষেধ করেছেন। (সুনানে তিরমিযি, ১/২০৩, হা. ১০৫২)

লেখক : প্রতিষ্ঠাতা ও পরিচালক, জামিয়া ইসলামিয়া মেহেরপুর

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *


Scroll to Top