হেফাজতে ইসলাম বাংলাদেশের সাবেক আমির আল্লামা জুনায়েদ বাবুনগরীর ঘনিষ্ঠ সহকারী মাওলানা এনামুল হাসান ফারুকীর চিকিৎসায় সহায়তা করেছেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। ক্যান্সারে আক্রান্ত এ তরুণ আলেমের পাশে মানবিক উদ্যোগ নিয়ে দাঁড়িয়েছে ‘আমরা বিএনপি পরিবার’।
সোমবার (১৫ সেপ্টেম্বর) দুপুরে রাজধানীর বারিধারার জামিয়া মাদানিয়া মাদ্রাসায় মাওলানা ফারুকীর সঙ্গে সাক্ষাৎ করেন সংগঠনটির একটি প্রতিনিধি দল। বিএনপির সিনিয়র যুগ্ম-মহাসচিব ও ‘আমরা বিএনপি পরিবার’-এর প্রধান উপদেষ্টা অ্যাডভোকেট রুহুল কবির রিজভীর নেতৃত্বে দলটি তারেক রহমানের পক্ষ থেকে নগদ অর্থ সহায়তা পৌঁছে দেয়। এ সময় রুহুল কবির রিজভী বলেন, “আলেম-ওলামাদের সঙ্গে জিয়া পরিবারের সম্পর্ক ঐতিহাসিক। অতীতের মতো ভবিষ্যতেও আমরা সবসময় তাদের পাশে থাকব।”
প্রতিনিধি দলে উপস্থিত ছিলেন সংগঠনটির আহ্বায়ক আতিকুর রহমান রুমন, উপদেষ্টা ইঞ্জিনিয়ার আশরাফ উদ্দিন বকুল, আবুল কাশেম, ইঞ্জিনিয়ার মোস্তফা-ই-জামান সেলিম, সদস্য সচিব কৃষিবিদ মোকছেদুল মোমিন মিথুন, জাতীয় প্রেসক্লাবের ম্যানেজিং কমিটির সদস্য জাহিদুল ইসলাম রনি, মাসুদ রানা লিটন, মুস্তাকিম বিল্লাহ, শাকিল আহমেদ, ফরহাদ আলী সজীব, রুবেল আমিন ও শাহাদত হোসেন প্রমুখ।
আতিকুর রহমান রুমন বলেন, “বাংলাদেশের ধর্মপ্রাণ মানুষ ও আলেম-ওলামাদের সঙ্গে জিয়া পরিবারের সম্পর্ক আন্তরিক ও সুদীর্ঘ। সেই ধারাবাহিকতায় আমরা মাওলানা ফারুকীর পাশে দাঁড়িয়েছি। সাধারণ মানুষও তার প্রতি ভালোবাসা নিয়ে সহায়তা করছেন।”
অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন মাওলানা জুনায়েদ আল হাবিব, মাওলানা আজিজুল হক ইসলামাবাদী, মাওলানা হেদায়েতুল্লাহ কাসেমী, মুফতি জাবের কাসেমী, মাওলানা সানাউল্লাহ মাহমুদী, হাফেজ মাওলানা নূর মোহাম্মদ, মুফতি জাকির হোসেন কাসেমী, মাওলানা সালেহ আহমদ আজম ও মুফতি এনায়েত উল্লাহসহ বিভিন্ন ইসলামী নেতা। এছাড়া স্বেচ্ছাসেবক দল ও ছাত্রদলের বিভিন্ন পর্যায়ের নেতারাও প্রতিনিধি দলে অংশ নেন।
রাজনৈতিক প্রতিহিংসার জেরে ২০২১ সালের মোদিবিরোধী আন্দোলনের সময় মাওলানা ফারুকীর বিরুদ্ধে একাধিক মামলা হয়। দীর্ঘ কারাভোগ ও নির্যাতনের ধকলের পর তার শরীরে ক্যান্সার ধরা পড়ে। তিনি ইতিমধ্যে দেশের বিশেষজ্ঞ চিকিৎসকদের পাশাপাশি ভারতের চেন্নাই সিএমসি হাসপাতালে চিকিৎসা নিয়েছেন। চলতি সেপ্টেম্বরের শেষ দিকে অস্ত্রোপচারের জন্য তাকে চীনের গুয়াংজু হাসপাতালে নেওয়ার প্রস্তুতি চলছে।
তার সুস্থতার জন্য হেফাজতে ইসলাম নেতৃবৃন্দসহ বিভিন্ন মহল দেশবাসীর কাছে দোয়া চেয়েছেন। একই আহ্বান জানিয়েছে ‘আমরা বিএনপি পরিবার’।




