গাজা, গাজায় দুর্ভিক্ষ ঘোষণা, জাতিসঙ্ঘ, আইপিসি

গাজায় দুর্ভিক্ষ ঘোষণা করবে আন্তর্জাতিক সংস্থা

ব্রিটিশ সংবাদপত্র দ্য টেলিগ্রাফ শুক্রবার জানিয়েছে যে বিশ্ব ক্ষুধা পর্যবেক্ষণের জন্য দায়ী আন্তর্জাতিক সংস্থা প্রথমবারের মতো গাজা শহরে দুর্ভিক্ষ ঘোষণা করতে যাচ্ছে।

সংবাদপত্রটি জানায়, জাতিসঙ্ঘের সমর্থিত ইন্টিগ্রেটেড ফুড সিকিউরিটি ফেজ ক্লাসিফিকেশন (আইপিসি) গাজা উপত্যকায় দুর্ভিক্ষ ঘোষণা করবে। আইপিসির ব্রিফিংয়ে পূর্বাভাস দেওয়া হয়েছে, আগামী সেপ্টেম্বরের শেষ নাগাদ দেইর আল-বালাহ এবং খান ইউনিস গভর্নরেটেও দুর্ভিক্ষ বিস্তৃত হবে। এতে বলা হয়েছে, অর্ধ মিলিয়নেরও বেশি মানুষ ক্ষুধা, দারিদ্র্য ও মৃত্যুর মতো বিপর্যয়কর পরিস্থিতির সম্মুখীন হবে।

গাজা উপত্যকার স্বাস্থ্য মন্ত্রণালয় জানিয়েছে, ইসরাইলি অবরোধ ও অনাহারে এখন পর্যন্ত ২৬৯ জনের মৃত্যু হয়েছে, যার মধ্যে ১১২ জন শিশু।

জাতিসঙ্ঘের মানবিক বিষয়ক সমন্বয় অফিস (ওসিএইচএ) ২০ জুলাই জানায়, গাজা উপত্যকার প্রায় ৮৮ শতাংশ এলাকা (প্রায় ৩৬০ বর্গকিলোমিটার), যেখানে প্রায় ২.৩ মিলিয়ন ফিলিস্তিনি বসবাস করে, তা ইসরাইলি উচ্ছেদের আদেশের অধীনে রয়েছে।

২০২৩ সালের ৭ অক্টোবর থেকে মার্কিন সহায়তায় ইসরাইল গাজায় হত্যা, অনাহার, ধ্বংস ও জোরপূর্বক বাস্তুচ্যুতির মতো গণহত্যা চালিয়ে আসছে। আন্তর্জাতিক বিচার আদালতের সব আবেদন ও যুদ্ধ বন্ধের নির্দেশ উপেক্ষা করে ইসরাইল এ হামলা অব্যাহত রেখেছে। এখন পর্যন্ত ৬২,১৯২ জন নিহত, ১,৫৭,১১৪ জন আহত, যাদের অধিকাংশই শিশু ও নারী। এছাড়া ৯,০০০ এরও বেশি নিখোঁজ এবং লক্ষ লক্ষ বাস্তুচ্যুত হয়েছে।

অন্যদিকে, ওয়াশিংটনে ইসরাইলের রাষ্ট্রদূত ইয়েহিয়েল লেইটার আইপিসি রিপোর্টকে ‘বড় মিথ্যা’ বলে অভিহিত করেছেন। তিনি এক্স প্ল্যাটফর্মে এক পোস্টে বলেন, ‘প্রমাণ বাড়ছে যে গাজার জনগণকে অনাহারে রাখার মিথ্যা অভিযোগের মাধ্যমে ইসরাইলকে দানবীয় করার একটি প্রচারণা চলছে। এটি হামাসের প্রচারণাকে এগিয়ে নিতে জাতিসংঘ সংস্থাগুলির সমন্বিত প্রচেষ্টা।’

তিনি আরও দাবি করেন, আইপিসির মূল্যায়ন ‘মান ও তথ্যের নির্বাচনী ব্যবহারের একটি পদ্ধতিগত পতন প্রকাশ করছে।’

সূত্র : টেলিগ্রাফ

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *


Scroll to Top