নাকে আঙুল দেওয়া অনেকের কাছে স্বাভাবিক অভ্যাস মনে হলেও চিকিৎসকদের মতে এটি ক্ষতিকর। সাম্প্রতিক গবেষণা বলছে, ঘন ঘন নাক খোঁটার অভ্যাস অ্যালঝাইমার ও ডিমেনশিয়ার মতো স্নায়ুরোগের ঝুঁকি বাড়াতে পারে।
অস্ট্রেলিয়ার ওয়েস্টার্ন সিডনি ইউনিভার্সিটি ও গ্রিফিথ ইউনিভার্সিটির গবেষকরা জানিয়েছেন, নাক খোঁটার ফলে নাকের টিস্যু পাতলা হয়ে যায়। এর ফলে জীবাণু সহজেই নাকের ভেতর দিয়ে মস্তিষ্কে পৌঁছে নিউরোইনফ্লেমেশন বা স্নায়ুর প্রদাহ ঘটায়। গবেষণায় দেখা গেছে, ডিমেনশিয়া রোগীদের মস্তিষ্কে টাও নামের একটি প্রোটিন জমা হয়, যা প্যাথোজেনের মাধ্যমে শরীরে প্রবেশ করে। ডাক্তারদের মতে, নাকই এর প্রধান প্রবেশদ্বার।
ডা. সেন্ট জন ও তাঁর সহকর্মীরা জানিয়েছেন, নাকের লোম তুললেও টিস্যুর ক্ষতি হতে পারে। অনেক সময় হাত না ধুয়ে নাকে আঙুল দেওয়ার কারণে সংক্রমণ ছড়ায়, যা দুইভাবে ঘটতে পারে—তলের মাধ্যমে ও বায়ুর মাধ্যমে।
গ্রিফিথ ইউনিভার্সিটির গবেষণায় দেখা গেছে, ক্ল্যামেডিয়া নিউমোনিয়া নামের এক ধরনের ব্যাকটেরিয়া নাকের ভেতরে বাসা বাঁধে এবং অলফ্যাক্টরি নার্ভের মাধ্যমে মস্তিষ্কে পৌঁছে এপিথেলিয়াম ক্ষতিগ্রস্ত করে। এর ফলেই সংক্রমণ জটিল আকার নেয় এবং ডিমেনশিয়ার ঝুঁকি বাড়ে।
তাই অভ্যাসগতভাবে নাক খোঁটার প্রবণতা এড়ানো ও পরিচ্ছন্নতা বজায় রাখা জরুরি।




