ইসরাইলি, ইসরাইল, ইসরাইলি সৈন্যের আত্মহত্যা

চলতি মাসে ৭ ইসরাইলি সৈন্যের আত্মহত্যা : হারেৎজ

ইসরাইলি সংবাদপত্র হারেৎজ জানিয়েছে, চলতি জুলাই মাসে আত্মহত্যা করা ইসরাইলি সৈন্যের সংখ্যা বেড়ে সাত জনে পৌঁছেছে।

ইসরাইলি আর্মি রেডিওর খবরে বলা হয়েছে, নেতানিয়ার এক সৈন্য, যিনি ৩০০ দিনের বেশি সময় রিজার্ভ বাহিনীতে দায়িত্ব পালন করেছিলেন, আত্মহত্যা করেছেন। তার পরিবারের বরাতে রেডিও জানায়, গাজায় চলমান যুদ্ধে সৈন্য ও আহতদের মৃতদেহ পরিবহনের দায়িত্ব পালন করাকালে তিনি ভয়াবহ দৃশ্যের সম্মুখীন হন।

পরিবারের দাবি, ওই সৈন্য মানসিকভাবে বিপর্যস্ত হয়ে পড়লেও সেনাবাহিনী তার দায়িত্ব অস্বীকার করছে এবং তাকে সামরিক হতাহত হিসেবে স্বীকৃতি দিচ্ছে না।

এর আগে হারেৎজ জানিয়েছে, ইসরাইলি সেনাবাহিনীতে সক্রিয় দায়িত্বে থাকা সৈন্যদের মধ্যে আত্মহত্যার হার বৃদ্ধি পাচ্ছে।
২০২৫ সালের শুরু থেকে এখন পর্যন্ত কমপক্ষে ১৫ জন সৈন্য আত্মহত্যা করেছে, যেখানে ২০২৪ সালে মোট আত্মহত্যার সংখ্যা ছিল ২১।

হারেৎজ আরও জানায়, আত্মহত্যা করা সৈন্যদের অধিকাংশই সক্রিয় দায়িত্ব পালনকারী রিজার্ভ সদস্য ছিলেন।

ইসরাইলি সামরিক সূত্রের বরাতে সংবাদপত্রটি জানিয়েছে, আত্মহত্যাকারী অনেক সৈন্য যুদ্ধ পরিস্থিতির সম্মুখীন হয়ে মানসিক চাপে ভুগছিলেন, যা তাদের মানসিক অবস্থাকে গভীরভাবে ক্ষতিগ্রস্ত করে।

ইসরাইলি মিডিয়া জানিয়েছে, গাজা উপত্যকায় ইসরাইলের অভিযানের শুরু— ৭ অক্টোবর ২০২৩ থেকে এ পর্যন্ত ৪৮ জন ইসরাইলি সৈন্য আত্মহত্যা করেছেন।

সূত্র : হারেৎজ ও আর্মি রেডিও

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *


Scroll to Top