ট্রাম্প, ইরানের পারমাণবিক স্থাপনা,

টাইমলাইন থেকে কিছুটা পিছিয়ে কার্যকর হচ্ছে ট্রাম্পের শুল্ক হার

টাইমলাইন থেকে কিছুটা পিছিয়ে কার্যকর হচ্ছে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের শুল্ক হার। নতুন ঘোষণা অনুযায়ী, ৯ জুলাইয়ের মধ্যে উচ্চ শুল্ক হার দেশগুলোকে জানানো হবে। আর তা আগামী ১ আগস্ট থেকে কার্যকর হবে।

রোববার (৭ জুলাই) এক বিবৃতিতে এমন মন্তব্য করেন তিনি।

ট্রাম্প বলেছেন, ‘যুক্তরাষ্ট্র বেশ কয়েকটি বাণিজ্য চুক্তি চূড়ান্ত করার খুব কাছাকাছি পৌঁছে গেছে।’ তিনি আরো বলেন, শুল্ক আরোপের তারিখ পিছিয়ে দেয়ার ফলে যুক্তরাষ্ট্র বাণিজ্য আলোচনায় সুবিধাজনক অবস্থানে রয়েছে।

ট্রাম্প প্রেসিডেন্ট হিসেবে দায়িত্ব গ্রহণের পর থেকে বিশ্বব্যাপী এক বাণিজ্য যুদ্ধ শুরু করেছেন, যা আর্থিক বাজারকে অস্থির করেছে এবং বিশ্বের বিভিন্ন দেশের নীতিনির্ধারকদের যুক্তরাষ্ট্রের সাথে চুক্তির মাধ্যমে নিজেদের অর্থনীতি রক্ষায় তৎপর করেছে।

উল্লেখ্য, গত এপ্রিল মাসে ট্রাম্প বেশিরভাগ দেশের ওপর ১০ শতাংশ বেস শুল্ক হার এবং ৫০ শতাংশ পর্যন্ত অতিরিক্ত শুল্ক আরোপের ঘোষণা দেন। পরে তিনি ১০ শতাংশ বাদে সব শুল্ক কার্যকর করার তারিখ পিছিয়ে ৯ জুলাই করেন। এতে দেশগুলো প্রস্তুতির জন্য তিন সপ্তাহ সময় পায়।

একটি আলাদা পোস্টে ট্রাম্প সম্পূর্ণ নতুন একটি শুল্ক নীতি উপস্থাপন করেন। সেখানে তিনি বলেন, ব্রিকস উন্নয়নশীল দেশগুলোর মধ্যে যারা ‘যুক্তরাষ্ট্রবিরোধী নীতি’ অনুসরণ করছে, তাদের ওপর অতিরিক্ত ১০ শতাংশ শুল্ক আরোপ করা হবে এবং এর কোনো ব্যতিক্রম থাকবে না।

উল্লেখ্য, ব্রিকসের প্রথম সম্মেলন অনুষ্ঠিত হয় ২০০৯ সালে, যেখানে ব্রাজিল, চীন, ভারত ও রাশিয়ার নেতারা উপস্থিত ছিলেন। দক্ষিণ আফ্রিকা পরে এতে যোগ দেয়। গত বছর এতে যুক্ত হয় মিসর, ইথিওপিয়া, ইন্দোনেশিয়া, ইরান, সৌদি আরব ও সংযুক্ত আরব আমিরাত।

এদিকে, রোববার ব্রিকস নেতারা গাজা ও ইরানে সাম্প্রতিক হামলার নিন্দা জানান এবং বৈশ্বিক প্রতিষ্ঠানগুলোর সংস্কার দাবি করেন। পাশাপাশি তারা সতর্ক করে বলেন, শুল্ক বৃদ্ধির ফলে বিশ্ব বাণিজ্য হুমকির মুখে পড়তে পারে।

সূত্র : রয়টার্স

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *


Scroll to Top