জাতিসঙ্ঘ মিশন

ঢাকায় জাতিসঙ্ঘের মানবাধিকার মিশনের কার্যক্রম শুরু

জাতিসঙ্ঘের মানবাধিকারবিষয়ক হাইকমিশনারের কার্যালয়ের একটি মিশন ঢাকায় আনুষ্ঠানিকভাবে যাত্রা শুরু করেছে। চলতি সপ্তাহে বাংলাদেশ সরকার এবং জাতিসঙ্ঘ মানবাধিকার অফিসের মধ্যে এ নিয়ে তিন বছরের একটি সমঝোতা স্মারক স্বাক্ষরিত হয়েছে।

শুক্রবার (১৮ জুলাই) জেনেভা থেকে এক সংবাদ বিজ্ঞপ্তিতে জাতিসঙ্ঘের মানবাধিকারবিষয়ক হাইকমিশন এ তথ্য জানায়।

চুক্তিতে বাংলাদেশের পক্ষে পররাষ্ট্রসচিব আসাদ আলম সিয়াম এবং জাতিসঙ্ঘের মানবাধিকার হাইকমিশনার ফলকার টুর্ক স্বাক্ষর করেন।

ফলকার টুর্ক বলেন, এই চুক্তি মানবাধিকারের প্রতি অঙ্গীকারের একটি গুরুত্বপূর্ণ বার্তা এবং এটি তথ্য-অনুসন্ধান প্রতিবেদনের সুপারিশ বাস্তবায়নে সহায়তা করবে। পাশাপাশি বাংলাদেশে চলমান মৌলিক সংস্কারে জাতিসঙ্ঘের কার্যালয় সরকার, নাগরিক সমাজ ও অন্যান্য অংশীজনদের সঙ্গে মাঠপর্যায়ে কাজ করতে পারবে।

পররাষ্ট্র মন্ত্রণালয়ের একজন জ্যেষ্ঠ কর্মকর্তা জানান, চুক্তিটি আনুষ্ঠানিক আলোচনায় বসে না হলেও পররাষ্ট্রসচিব এটি সই করে জেনেভায় পাঠান। তিন বছরের এই চুক্তি পরবর্তীতে নবায়নের সুযোগ রয়েছে।

নতুন মিশনটি বাংলাদেশ সরকারের জাতীয় ও আন্তর্জাতিক মানবাধিকার প্রতিশ্রুতি পূরণে প্রশিক্ষণ ও প্রযুক্তিগত সহায়তা দেবে এবং সরকারি ও বেসরকারি খাতে সংশ্লিষ্টদের সক্ষমতা বৃদ্ধিতে কাজ করবে।

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *


Scroll to Top