দারুল উলুম দেওবন্দের প্রধান মুফতি মাওলানা হাবিবুর রহমান খায়রাবাদী গুরুতর অসুস্থ অবস্থায় ভারতের উত্তর প্রদেশের মোজাফফরনগরের একটি হাসপাতালে আইসিইউতে চিকিৎসাধীন রয়েছেন।
দারুল উলুম দেওবন্দের উস্তাদ মাওলানা জাররার কাসেমী আওয়ার ইসলামকে জানান, হজরত গতকাল সোমবার (১৪ জুলাই) হঠাৎ প্রচণ্ড অসুস্থ হয়ে পড়েন। পরে তাঁকে জরুরি ভিত্তিতে হাসপাতালে ভর্তি করা হয়।
মুফতি হাবিবুর রহমান বর্তমানে দেওবন্দের ১৪তম প্রধান মুফতি হিসেবে দায়িত্ব পালন করছেন। তিনি ১৯৩৩ সালের ১১ আগস্ট ভারতের আজমগড় জেলার খায়রাবাদ শহরে জন্মগ্রহণ করেন।
তিনি মোবারকপুরের মাদরাসা ইয়াহইয়া উল উলুম, দারুল উলুম মৌ এবং লখনউয়ের দারুল মুবাল্লিগীনে পড়াশোনা করেন। পরে মাজাহির উলুম, সাহারানপুরে দাওরায়ে হাদিস শেষ করেন এবং আলিগড় মুসলিম বিশ্ববিদ্যালয় থেকে অনার্স ও মাস্টার্স ডিগ্রি লাভ করেন।
তিনি হুসাইন আহমদ মাদানীর কাছ থেকে সহীহ বুখারী ও সুনান আত-তিরমিজী এবং মিরাজুল হক দেওবন্দীর কাছে আল মুতানাব্বির দেওয়ান অধ্যয়ন করেন। কর্মজীবনে তিনি মালেগাঁওয়ের মাহদে উলুম এবং মোরাদাবাদের মাদরাসা হায়াতুল উলুমে দীর্ঘ সময় শিক্ষকতা করেন।
মুফতি হাবিবুর রহমান খায়রাবাদীর সুস্থতার জন্য দেশ-বিদেশের ছাত্র, শুভাকাঙ্ক্ষী ও অনুসারীদের পক্ষ থেকে দোয়ার আহ্বান জানানো হয়েছে।




