আল-হাইআতুল উলয়া, দাওরায়ে হাদীস সনদধারী, কওমি সনদের স্বীকৃতি,

ধর্ম উপদেষ্টা ও শিক্ষা উপদেষ্টার সাথে আল-হাইআতুল উলয়ার প্রতিনিধিদলের সাক্ষাৎ

আল-হাইআতুল উলয়া লিল-জামি‘আতিল কওমিয়া বাংলাদেশ-এর একটি প্রতিনিধিদল ধর্ম উপদেষ্টা ও শিক্ষা উপদেষ্টার সাথে সাক্ষাৎ করেছেন। আজ রোববার (২০ জুলাই) বেলা ৩টার দিকে তারা সাক্ষাৎ করেন।

প্রতিনিধিদলটি আল-হাইআতুল উলয়ার আল্লামা মাহমুদুল হাসান সাহেবের পক্ষ থেকে প্রধান উপদেষ্টা বরাবর লিখিত একটি পত্র পেশ করেন।

উক্ত পত্রে আল্লামা মাহমুদুল হাসান দাওরায়ে হাদীস সনদধারীদেরকে দেশসেবায় বিভিন্ন খাতে চাকরির সুযোগ প্রদানের জন্য অনুরোধ জানান। উল্লেখযোগ্য প্রস্তাবনাগুলোর মধ্যে রয়েছে-

-শিক্ষা প্রতিষ্ঠানে ধর্মীয় ও নৈতিক শিক্ষক পদে নিয়োগ,
-ইসলামিক ফাউন্ডেশন ও অন্যান্য ইসলামী গবেষণা প্রতিষ্ঠানে কর্মসংস্থান,
-মডেল মসজিদসহ সরকারি ও স্বায়ত্তশাসিত মসজিদসমূহে ইমাম ও খতিব পদে নিয়োগ,
-সামরিক ও আধাসামরিক বাহিনীসহ বিভিন্ন বাহিনীতে ধর্মীয় শিক্ষক পদে অন্তর্ভুক্তি,
-জেলখানার ধর্মীয় শিক্ষক হিসেবে নিযুক্তি,
-মুসলিম নিকাহ রেজিস্ট্রার (কাজি) হিসেবে দাওরায়ে হাদীস সনদধারীদের নিয়োগ।

এছাড়া তিনি দাওরায়ে হাদীস সনদধারীদের জন্য উচ্চশিক্ষার সুযোগ প্রসারণের অনুরোধ জানান। তার মধ্যে রয়েছে ইসলামিক স্টাডিজ ও আরবি বিষয়ে দেশের বিশ্ববিদ্যালয়সমূহে এমফিল ও পিএইচডি করার সুযোগ এবং ইসলামিক স্টাডিজ ও আরবি ব্যতীত অন্যান্য বিষয়ে মাস্টার্স প্রোগ্রামে ভর্তির অনুমতি।

শিক্ষা উপদেষ্টা অধ্যাপক ড. রফিকুল আবরার চৌধুরী দাবিগুলো গুরুত্বসহকারে বিবেচনার আশ্বাস প্রদান করেন এবং জানান যে প্রধান উপদেষ্টার সাথে অনুষ্ঠিতব্য বৈঠকে তিনি নিজেও উপস্থিত থাকবেন।

প্রতিনিধিদলের নেতৃত্ব দেন আল-হাইআতুল উলয়ার কো-চেয়ারম্যান আল্লামা শেখ সাজিদুর রহমান সাহেব। প্রতিনিধি দলে আরো ছিলেন মাওলানা মাহফুজুল হক, মাওলানা আরশাদ রাহমানী, মাওলানা বাহাউদ্দিন জাকারিয়া, মাওলানা নেয়ামতুল্লাহ ফরীদী, মাওলানা আব্দুল বছীর, মুফতি মোহাম্মদ আলী এবং মাওলানা মুঃ অছিউর রহমান।

এই সাক্ষাৎ কওমি শিক্ষাব্যবস্থার সনদের স্বীকৃতির পরবর্তী ধাপে কর্মসংস্থান ও উচ্চশিক্ষার সুযোগ সম্প্রসারণে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে বলে আশা করা হচ্ছে।

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *


Scroll to Top