নর্থ সাউথে কুরআন অবমাননা: শিক্ষার্থী বহিষ্কার, মামলা করার সিদ্ধান্ত

রাজধানীর নর্থ সাউথ ইউনিভার্সিটি ক্যাম্পাসে কুরআন অবমাননার অভিযোগে এক শিক্ষার্থীকে স্থায়ীভাবে বহিষ্কার করেছে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ।

‎সংশ্লিষ্ট সূত্রে জানা যায়, গতকাল শনিবার দুপুরে বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে ওই শিক্ষার্থীকে কুরআন অবমাননারত অবস্থায় দেখতে পান উপস্থিত শিক্ষার্থীরা। বিষয়টি দ্রুত ছড়িয়ে পড়লে ক্ষুব্ধ শিক্ষার্থীরা তাকে ঘিরে ফেলেন এবং শারীরিকভাবে আক্রমণ করেন। তবে পরবর্তী সময়ে বিশ্ববিদ্যালয়ের প্রক্টরিয়াল বডি ও নিরাপত্তা বিভাগ ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।

বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ এক বিবৃতিতে জানিয়েছে, সাধারণ শিক্ষার্থীরা কঠিন পরিস্থিতিতেও ধৈর্যের পরিচয় দিয়েছেন এবং ক্যাম্পাসে সম্প্রীতি, সৌহার্দ্য ও সহাবস্থানের পরিবেশ প্রশংসনীয়ভাবে বজায় রেখেছেন।

‎এদিকে, বিশ্ববিদ্যালয়ের শৃঙ্খলা কমিটি রোববার এক জরুরি বৈঠকে বসে। বৈঠকে অভিযুক্ত শিক্ষার্থীকে স্থায়ীভাবে বহিষ্কারের পাশাপাশি বিশ্ববিদ্যালয় প্রশাসনের পক্ষ থেকে মামলা দায়ের করার সিদ্ধান্ত নেওয়া হয়।

অপরদিকে পুলিশ সূত্রে জানা গেছে, অভিযুক্ত শিক্ষার্থীকে ইতোমধ্যে গ্রেপ্তার করা হয়েছে এবং আদালতে হাজির করা হয়েছে।

এ ঘটনায় ক্যাম্পাসজুড়ে চরম উত্তেজনা বিরাজ করছে। শিক্ষার্থী, শিক্ষক ও অভিভাবকরা এ ধরনের ঘটনায় গভীর উদ্বেগ প্রকাশ করেছেন। বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ জানিয়েছে, কুরআন অবমাননার মতো কর্মকাণ্ডের ক্ষেত্রে কোনো ধরনের সহনশীলতা দেখানো হবে না।

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *


Scroll to Top