আগামী জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে দেশের তরুণদের রাজনৈতিক মতামত জানতে একটি জরিপ পরিচালনা করেছে সাউথ এশিয়ান নেটওয়ার্ক অন ইকোনমিক মডেলিং (সানেম)।
সোমবার (৭ জুলাই) প্রকাশিত জরিপের ফলাফলে দেখা গেছে, বিএনপি তরুণ ভোটারদের মধ্যে সবচেয়ে বেশি সমর্থন পাচ্ছে। জরিপ অনুযায়ী, তরুণদের ৩৮.৭৬ শতাংশ মনে করেন, বিএনপি আগামী নির্বাচনে সবচেয়ে বেশি ভোট পাবে।
দ্বিতীয় অবস্থানে রয়েছে বাংলাদেশ জামায়াতে ইসলামী। দলটি ২১.৪৫ শতাংশ ভোট পেতে পারে বলে মনে করছেন উত্তরদাতারা। ইসলামি দলগুলোর মধ্যে এটি সবচেয়ে বড় অংশ, যা অতীতের যেকোনো নির্বাচনের তুলনায় বেশি।
জরিপ অনুযায়ী, নতুন রাজনৈতিক শক্তি হিসেবে আত্মপ্রকাশকারী জাতীয় নাগরিক পার্টি (এনসিপি) ১৫.৮৪ শতাংশ ভোট পেতে পারে। এছাড়া অন্যান্য ধর্মীয় দলগুলো ৪.৫৯ শতাংশ, জাতীয় পার্টি ৩.৭৭ শতাংশ এবং অন্যান্য দলসমূহ ০.৫৭ শতাংশ ভোট পেতে পারে বলে জরিপে উঠে এসেছে।
সানেম জানায়, নির্বাচনে অংশগ্রহণের সুযোগ পেলে আওয়ামী লীগ পেতে পারে মাত্র ১৫.০২ শতাংশ ভোট। দেশের আটটি বিভাগের ১৬টি জেলা এবং ৩২টি উপজেলার ১৫-৩৫ বছর বয়সী ২,০০০ তরুণ-তরুণী জরিপে অংশগ্রহণ করেন। অংশগ্রহণকারীদের মধ্যে ৫০ শতাংশ শহর এবং ৫০ শতাংশ গ্রামীণ অঞ্চলের। শিক্ষাগত যোগ্যতার দিক থেকে ৪০ শতাংশ এসএসসির নিচে এবং ৬০ শতাংশ এসএসসি বা এর ওপরে।
নারী-পুরুষ উভয় শ্রেণিতেই বিএনপি সর্বোচ্চ সমর্থন পেয়েছে। পুরুষদের মধ্যে ৪০ শতাংশ, এবং নারীদের মধ্যে ৩৭.০৩ শতাংশ বিএনপিকে ভোট দেওয়ার আগ্রহ দেখিয়েছেন। জামায়াতকে ভোট দিতে চান পুরুষদের ২২.২১ শতাংশ এবং নারীদের ২০.৫৭ শতাংশ। এনসিপিকে ভোট দেওয়ার আগ্রহ রয়েছে যথাক্রমে ১৪.৪৪ ও ১৭.৪৭ শতাংশ।
অঞ্চলভিত্তিক বিশ্লেষণেও বিএনপি সবার ওপরে। গ্রামীণ অঞ্চলে ৩৭.৭২ শতাংশ এবং শহরে ৩৯.৭৭ শতাংশ তরুণ বিএনপিকে সমর্থন দিয়েছেন। জামায়াতের প্রতি সমর্থন গ্রামে ২১.২৫ শতাংশ এবং শহরে ২১.৬৬ শতাংশ। এনসিপির ক্ষেত্রে গ্রামে ১৫.৩৮ শতাংশ এবং শহরে ১৬.২৮ শতাংশ ভোটার আগ্রহী। আওয়ামী লীগের প্রতি সমর্থন তুলনামূলক কম — গ্রামে ১৬.৬২ শতাংশ এবং শহরে ১৩.৪৬ শতাংশ।
এই জরিপে তরুণদের রাজনৈতিক দৃষ্টিভঙ্গি স্পষ্টভাবে প্রতিফলিত হয়েছে, যেখানে প্রধান দুই দল ছাড়াও ইসলামি ও নতুন দলগুলো উল্লেখযোগ্যভাবে উঠে এসেছে।




