বিএনপির স্থায়ী কমিটির সদস্য সালাহউদ্দিন আহমেদ বলেছেন, আগামী জাতীয় নির্বাচন যারা বয়কট করবে তারা ভবিষ্যৎ রাজনীতি থেকে নিজেরাই মাইনাস হয়ে যাবে।
মঙ্গলবার (২৬ আগস্ট) রাজধানীর গুলশানে নিজ বাসায় গণমাধ্যমের সঙ্গে আলাপকালে তিনি এ মন্তব্য করেন। সালাহউদ্দিন জানান, ২০২৬ সালের ফেব্রুয়ারির শুরুতে জাতীয় নির্বাচন অনুষ্ঠিত হবে—এ বিষয়ে নির্বাচন কমিশন, সরকার বা বিএনপির মধ্যে কোনো শঙ্কা নেই। কোনো দল নির্বাচনে না গেলে তা তাদের নিজস্ব সিদ্ধান্ত হলেও বয়কট রাজনীতির জন্য ক্ষতিকর হবে বলে মন্তব্য করেন তিনি।
তিনি আরও বলেন, ফ্যাসিবাদবিরোধী জাতীয় ঐক্য বজায় রেখে সুষ্ঠু নির্বাচন আয়োজনের প্রত্যাশা বিএনপির। এবারের নির্বাচন রাজনৈতিক ইতিহাসে একটি গুরুত্বপূর্ণ ঘটনা হয়ে থাকবে বলেও তিনি মন্তব্য করেন।
সংখ্যানুপাতিক প্রতিনিধিত্ব বা গণপরিষদের দাবিকে তিনি মাঠ গরম করার কৌশল হিসেবে অভিহিত করেন। জুলাই সনদ প্রসঙ্গে তিনি বলেন, অঙ্গীকারনামার কিছু বিষয় বিএনপির কাছে অযৌক্তিক মনে হয়েছে। বিকল্প প্রস্তাব কমিশনের আলোচনায় উত্থাপন করা হবে। তবে সংবিধানের ঊর্ধ্বে কোনো বিষয় গ্রহণযোগ্য নয় বলেও তিনি স্পষ্ট করেন।
অন্তর্বর্তী সরকারের অধীনে নির্বাচন বিষয়ে সালাহউদ্দিন বলেন, সবার ঐকমত্যে বর্তমান সরকার গঠিত হয়েছে। তত্ত্বাবধায়ক ব্যবস্থা পুনর্বহাল হলে তা পরবর্তী নির্বাচনে কার্যকর হতে পারে। ঘোষিত সময়ের মধ্যেই নির্বাচন অনুষ্ঠিত হবে—অন্য কোনো চিন্তার অবকাশ নেই।
তিনি আরও জানান, জুলাই সনদ বাস্তবায়ন না হলে কোনো কোনো দল নির্বাচনে অংশ নাও নিতে পারে। তবে যারা অজুহাত দেখিয়ে নির্বাচন বর্জন করবে, তারা ভবিষ্যৎ রাজনীতি থেকে মাইনাস হয়ে যাবে।




