শরীর সুস্থ রাখা ও পেশি গঠনে প্রোটিন অপরিহার্য। তবে সব প্রোটিন সমানভাবে হজম হয় না। অনেক সময় অতিরিক্ত বা জটিল প্রোটিন খাওয়ার ফলে পেটফাঁপা, অস্বস্তি বা ব্যথার মতো সমস্যা দেখা দেয়। বিশেষজ্ঞরা বলছেন, যাদের হজমের সমস্যা আছে, তাদের জন্য দরকার সহজপাচ্য প্রোটিনসমৃদ্ধ খাবার।
নিচে পেটের সমস্যা দূর করতে সহায়ক পাঁচটি খাবার দেয়া হলো-
ডিম
ডিম প্রোটিনের উৎকৃষ্ট উৎস। একটি ডিমে থাকে ৭–৯ গ্রাম প্রোটিন। এতে ফাইবারের পরিমাণ কম থাকায় এটি সহজে হজম হয়। অর্ধসিদ্ধ বা পোচ করা ডিম সবচেয়ে সহজপাচ্য।
দুধ
যাদের ল্যাকটোজ অসহিষ্ণুতা নেই, তাদের জন্য দুধ শক্তিশালী প্রোটিনের উৎস। ১০০ মিলিলিটার দুধে প্রায় ৩.৫ গ্রাম প্রোটিন থাকে। পাশাপাশি এতে থাকা ক্যালশিয়াম হাড়কে করে মজবুত।
ডাল
মুগ, মসুর কিংবা ছোলা—সব ডালই প্রোটিনসমৃদ্ধ। তবে ভেজানো মুগ ডাল বা কাবুলি ছোলা হজমে বিশেষ উপকারী এবং পেটের জন্য আরামদায়ক।
মাছ
মাংসের তুলনায় মাছ সহজে হজম হয়। ১০০ গ্রাম মাছে ২০–৩০ গ্রাম পর্যন্ত প্রোটিন পাওয়া যায়। ফলে এটি শুধু প্রোটিনের ঘাটতি মেটায় না, বরং পেটকেও রাখে স্বস্তিতে।
দই
বিশেষ করে ইয়োগার্টে ১০০ গ্রামে প্রায় ১০ গ্রাম প্রোটিন থাকে। এর সঙ্গে ক্যালশিয়াম ও পটাশিয়ামও থাকে, যা হজমে সহায়তা করে এবং পেটকে রাখে সুস্থ।
ডিম, দুধ, ডাল, মাছ ও দই এই পাঁচটি খাবার নিয়মিত খাদ্যতালিকায় রাখলে শরীর যেমন প্রোটিনের চাহিদা পূরণ হবে, তেমনি পেটের সমস্যাও অনেকটাই কমে যাবে।




