ফেনীতে টানা ভারী বর্ষণ ও ভারতীয় পাহাড়ি ঢলের চাপে বন্যা নিয়ন্ত্রণ বাঁধের পাঁচটি স্থানে ভাঙন দেখা দিয়েছে। এর ফলে পরশুরাম ও ফুলগাজী উপজেলার বিস্তীর্ণ এলাকা প্লাবিত হয়েছে।
গত ২৪ ঘণ্টায় জেলার বিভিন্ন এলাকায় ৪৪০ মিলিমিটার বৃষ্টিপাত রেকর্ড করা হয়েছে, যা এ বছরের সর্বোচ্চ। মুহুরী নদীর পানি বিপৎসীমার ১৩৭ সেন্টিমিটার ওপর দিয়ে প্রবাহিত হচ্ছে।
জঙ্গলঘোনা, গদানগর, দেড়পাড়া ও সাহেবনগরসহ পাঁচটি পয়েন্টে বাঁধ ভেঙে যাওয়ায় ফেনী শহরের নিচু এলাকায় জলাবদ্ধতা দেখা দিয়েছে। শহরের গুরুত্বপূর্ণ সড়কসহ বিভিন্ন এলাকায় দুই থেকে চার ফুট পানি জমেছে।
পৌরসভার সাবেক কাউন্সিলর ওমর ফারুক ভূঁইয়া জানান, খাল-নালা ও জলাধার দখল হওয়ার কারণে পানি নামতে পারছে না। পৌর প্রশাসক গোলাম মোহাম্মদ বাতেন জানান, ড্রেন পরিষ্কার ও দখলমুক্ত করার কাজ চলমান থাকলেও হঠাৎ ভারী বৃষ্টিতে পানি সরতে দেরি হচ্ছে। ছয়টি টিম কাজ করছে।
পানি উন্নয়ন বোর্ডের নির্বাহী প্রকৌশলী আকতার হোসেন মজুমদার জানান, মুহুরী, কহুয়া ও সিলোনিয়া নদীর পানি বিপৎসীমার ওপরে রয়েছে। জেলা প্রশাসক সাইফুল ইসলাম ক্ষতিগ্রস্ত এলাকা পরিদর্শন করে প্রয়োজনীয় নির্দেশনা দিয়েছেন। তিনি আশ্রয় ও শুকনো খাবারের প্রয়োজন হলে জানানোর আহ্বান জানিয়েছেন।




