পবিত্র কোরআন হিফজ সম্পন্ন করেছে কুমিল্লার চান্দিনা উপজেলার রসুলপুর গ্রামের শিশু আবু রায়হান। সে স্থানীয়ভাবে আলোচনায় এসেছে বাবার কাছেই শুরু থেকে শেষ পর্যন্ত পড়াশোনা করে হাফেজ হওয়ার বিরল কৃতিত্ব অর্জনের কারণে।
রায়হানের বাবা হাফেজ দেলোয়ার হুসাইন কুমিল্লা শহরের বজ্রপুর এলাকায় মিফতাহুল জান্নাহ ইসলামিক একাডেমির পরিচালক। এখানেই নুরানী কায়দা থেকে শুরু করে ধাপে ধাপে কোরআন মুখস্থ করার যাত্রা শুরু হয় রায়হানের। অবশেষে বাবার তত্ত্বাবধানেই সে পূর্ণাঙ্গ হিফজ সম্পন্ন করে।
শিশুটির চাচা হাফেজ মাওলানা সোলাইমান সাদী বলেন, “আবু রায়হান অত্যন্ত মেধাবী ও ভদ্র স্বভাবের। মাদরাসায় থাকলেও শুরু থেকে শেষ পর্যন্ত বাবার কাছেই পড়েছে। আল্লাহ চাইলে সে একদিন বড় আলেম হয়ে দেশ ও জাতির খেদমত করবে।”
রায়হানের হিফজ সম্পন্নের পর গত রবিবার (১৪ সেপ্টেম্বর) স্থানীয় আলেমদের উপস্থিতিতে তাকে সম্মাননা হিসেবে পাগড়ি পরিয়ে দেওয়া হয়। এ অর্জনে পরিবার ও স্বজনদের মাঝে আনন্দের বন্যা বইছে।




