পাকিস্তানের সাথে যুদ্ধে শক্তি প্রদর্শন করতে গিয়ে নিজেদের দুর্বলতা প্রকাশ করে দিয়েছে ভারত। এ নিয়ে দেশটির পররাষ্ট্র সচিব বিক্রম মিসরি সোশ্যাল মিডিয়ায় ব্যাপক ট্রলের শিকার হচ্ছেন।
সোমবার (১২ মে) ইন্ডিয়ান এক্সপ্রেসের এক প্রতিবেদনে এই তথ্য জানানো হয়েছে।
প্রতিবেদনে বলা হয়েছে, সামাজিক যোগাযোগমাধ্যমে ট্রোলিংয়ের শিকার হচ্ছেন ভারতীয় পররাষ্ট্র সচিব বিক্রম মিসরি। এরপর রোববার সিনিয়র আইএএস কর্মকর্তা, আইএএস অ্যাসোসিয়েশন ও অবসরপ্রাপ্ত কূটনীতিকরা তার প্রতি সংহতি জানান। তারা ব্যক্তিগত আক্রমণের নিন্দা জানান।
গত ১০ মে মিসরি নয়াদিল্লির পক্ষ থেকে ভারত-পাকিস্তান যুদ্ধবিরতির ঘোষণা দেন। এর পরপরই তিনি ও তার পরিবারের এক সদস্য সোশ্যাল মিডিয়ায় আক্রমণের শিকার হন। পরে মিসরি তার এক্স অ্যাকাউন্টটি ব্যক্তিগত ব্লক করে দেন।
এই আক্রমণের পর এক্স-এ আইএএস অ্যাসোসিয়েশন পোস্ট করে লিখেছে, ‘আমরা পররাষ্ট্র সচিব বিক্রম মিসরি ও তার পরিবারের পাশে আছি। জনসেবায় নিয়োজিত একজন সৎ কর্মকর্তার ওপর এমন আক্রমণ দুঃখজনক। আমরা জনসেবার মর্যাদা রক্ষায় প্রতিশ্রুতিবদ্ধ।’
অ্যাকাউন্টটি এক্স-এ যাচাই করা না হলেও ২০১১ সাল থেকে সক্রিয়। অনেক শীর্ষ আমলা এটি অনুসরণ করেন। সিনিয়র কর্মকর্তারা নিশ্চিত করেছেন, এটি আসল অ্যাসোসিয়েশনের অ্যাকাউন্ট।
সূত্র : ইন্ডিয়ান এক্সপ্রেস




