হেফাজতে ইসলামের সাবেক আমির আল্লামা জুনায়েদ বাবুনগরী রহমতুল্লাহি আলাইহির বিশ্বস্ত খাদেম ও খলিফা মাওলানা এনামুল হাসান ফারুকী বর্তমানে মরণব্যাধি ক্যান্সারে আক্রান্ত হয়ে জীবনের সবচেয়ে কঠিন সময় পার করছেন। চিকিৎসকদের পরামর্শে তিনি উন্নত চিকিৎসার জন্য আগামীকাল বুধবার রাতের ফ্লাইটে চীন যাচ্ছেন। দেশ ছাড়ার প্রাক্কালে তিনি দেশবাসীর কাছে দোয়া চেয়েছেন।
দীর্ঘদিন ধরে দাওয়াতি ও সংগঠনিক অঙ্গনে নিবেদিতপ্রাণ মাওলানা ফারুকী আল্লামা বাবুনগরীর ছায়াসঙ্গী হয়ে দেশব্যাপী ইসলামী কার্যক্রমে অংশ নিয়েছেন। কিন্তু দুর্ভাগ্যজনকভাবে গ্রেফতার ও রিমান্ডের নির্যাতনের পর থেকেই তার শারীরিক অবস্থার অবনতি শুরু হয় এবং শেষ পর্যন্ত ক্যান্সারে আক্রান্ত হন। বাংলাদেশ ও ভারতে বহু চিকিৎসা শেষে এবার নতুন আশায় তিনি উন্নত চিকিৎসার জন্য চীন যাচ্ছেন।
দেশবাসীর প্রতি দোয়ার অনুরোধ জানিয়ে মাওলানা ফারুকী বলেছেন—“আমি জীবনের সবচেয়ে কঠিন সময় অতিক্রম করছি। আল্লাহ তায়ালার ইচ্ছা ছাড়া কারও কিছু করার নেই, তবে আমি বিশ্বাস করি দোয়ার মাধ্যমে আল্লাহর রহমত নেমে আসে। তাই আমি দেশবাসীর প্রতি আন্তরিক অনুরোধ করছি, আপনারা আমার জন্য দোয়া করুন। আমি চাই আবার সুস্থ হয়ে দ্বীনের কাজে ফিরতে, প্রিয় উস্তাদ বাবুনগরীর আদর্শকে ধরে রাখতে।”
মাওলানা ফারুকী দেশ ছাড়ার প্রাক্কালে আরও বলেন, “দেশবাসীর দোয়া আমার জন্য বড় শক্তি। আমি বিশ্বাস করি, আপনারা আন্তরিকভাবে দোয়া করলে আল্লাহ নিশ্চয়ই এর বরকত দিবেন।”




