গাজায় যুদ্ধাপরাধের অভিযোগে অভিযুক্ত দুই ইসরাইলি সৈন্যকে গ্রেফতার করেছে বেলজিয়ামে ফেডারেল পুলিশ। মানবাধিকার সংগঠন হিন্দ রজব ফাউন্ডেশন (এইচআরএফ) ও গ্লোবাল লিগ্যাল অ্যাকশন নেটওয়ার্কের (গ্লান) পক্ষ থেকে অভিযোগের পর তাদের গ্রেফতার করা হয়।
এইচআরএফ এক বিবৃতিতে জানিয়েছে, গ্রেফতার ইসরাইলি দম্পতি বেলজিয়ামের টুমরোল্যান্ড সঙ্গীত উৎসবে অংশ নিতে এসেছিলেন। সেখানে কৌশলে তাদের শনাক্ত করা হয়। পরে বেলজিয়াম পুলিশ তাদের গ্রেফতার করে।
এইচআরএফ জানায়, ‘বুমের টুমরোল্যান্ড উৎসবে স্পষ্ট শক্তি প্রদর্শনের মাধ্যমে সন্দেহভাজনদের চিহ্নিত করে গ্রেফতার করা হয়েছে।’ গ্রেফতারের পর তাদের জিজ্ঞাসাবাদ করা হয় এবং পরবর্তীতে ছেড়ে দেয়া হয়। তবে বেলজিয়ামের ফেডারেল প্রসিকিউটর অফিস নিশ্চিত করেছে যে বর্তমানে একটি ফৌজদারি তদন্ত প্রক্রিয়াধীন রয়েছে।
গত সপ্তাহেই এইচআরএফ ও গ্লান যৌথভাবে বেলজিয়ামে যুদ্ধাপরাধের অভিযোগ করে। এই দু’টি মানবাধিকার গোষ্ঠী এক যৌথ বিবৃতিতে ঘটনার গুরুত্ব তুলে ধরে বলেছে, ‘এই উন্নয়ন একটি উল্লেখযোগ্য পদক্ষেপ। এটি ইঙ্গিত দেয় যে বেলজিয়াম আন্তর্জাতিক আইনের অধীনে তার এখতিয়ারকে স্বীকৃতি দিয়েছে এবং অভিযোগগুলোকে যথাযথ গুরুত্বের সাথে বিবেচনা করছে।’
তারা আরো উল্লেখ করে, ‘ এটি এমন এক সময়, যখন বিশ্বের অনেক সরকার প্রধানই নীরব। এই পদক্ষেপটি একটি স্পষ্ট বার্তা দেয় যে আন্তর্জাতিক অপরাধের বিশ্বাসযোগ্য প্রমাণের জন্য আইনি ব্যবস্থা গ্রহণ করতে হবে।’
এই ঘটনার মাধ্যমে স্পষ্ট দেখা যাচ্ছে, আন্তর্জাতিক মানবাধিকার সংস্থাগুলোর উদ্যোগ ও চাপে এখনো কিছু দেশে যুদ্ধাপরাধের অভিযোগে কার্যকর আইনি পদক্ষেপ নেয়া সম্ভব হচ্ছে। বেলজিয়ামের এই পদক্ষেপ আন্তর্জাতিক মানবাধিকার ও আইনের ক্ষেত্রে একটি নতুন দৃষ্টান্ত স্থাপন করতে পারে।
সূত্র : মিডল ইস্ট আই




