পাকিস্তানের জনপ্রিয় শিশু তারকা আহমদ শাহ-এর ছোট ভাই উমর শাহ মারা গেছেন। সোমবার (১৫ সেপ্টেম্বর) পরিবারের পক্ষ থেকে সামাজিক মাধ্যমে এ তথ্য নিশ্চিত করা হয়েছে।
উমর ছোটবেলায় রমজানের সম্প্রচার ও গেম শোতে বড় ভাই আহমদ শাহ-এর সঙ্গে উপস্থিত হয়ে দর্শকদের মন কেড়েছিল। বিশেষ করে ভাইরাল হওয়া ‘পিছে তো দেখো’ ভিডিওটি পুরো পরিবারকে ইন্টারনেটে পরিচিতি এনে দিয়েছিল।
পরিবারটি জানিয়েছে, মেয়ে আয়েশার মৃত্যুর পর উমরের মৃত্যু তাদের জন্য দ্বিতীয় বড় ধাক্কা। তারা সকলের কাছে উমরের জন্য প্রার্থনা করার অনুরোধ করেছেন।
ইনস্টাগ্রামে তারা লিখেছেন:“ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। আল্লাহ তাকে চির শান্তি দান করুন এবং আমাদের শক্তি দিন।”
উমরের মৃত্যুর খবর ছড়িয়ে পড়ার পর ভক্ত এবং সহকর্মীরা শোক ও সমবেদনা প্রকাশ করেছেন। তবে, প্রতিবেদনে তার মৃত্যুর সঠিক কারণ উল্লেখ করা হয়নি।




