ভারতে মুসলিমবিদ্বেষী বক্তব্যের মধ্যে ভিন্ন সুর তুলেছেন রাষ্ট্রীয় স্বয়ংসেবক সংঘের (আরএসএস) প্রধান মোহন ভাগবত। নয়াদিল্লিতে সংস্থার শতবর্ষ উদ্যাপনের অনুষ্ঠানে তিনি বলেন, ইসলাম আগমনের পর থেকেই ভারতের অবিচ্ছেদ্য অংশ এবং তা ভবিষ্যতেও থাকবে। যারা ভিন্নভাবে ভাবে, তারা হিন্দু দর্শন বোঝে না।
ভাগবতের মতে, সংঘাত নিরসনে উভয় সম্প্রদায়ের মধ্যে পারস্পরিক আস্থা ও ঐক্য গড়ে তুলতে হবে। তিনি বলেন, ভারতের মুসলিমরাও দেশের নাগরিক, তাই তাদের কর্মসংস্থানের সুযোগ থাকা জরুরি। তবে তিনি অনুপ্রবেশ বন্ধের ওপর জোর দেন এবং স্পষ্ট করে বলেন, চাকরির ক্ষেত্রে বিদেশিদের নয়, দেশের নাগরিকদের অগ্রাধিকার দিতে হবে।
ধর্মীয় সংবেদনশীলতা প্রসঙ্গে ভাগবত বলেন, উপবাসের সময়ে সংবেদনশীলতা রক্ষা করে চলাই বুদ্ধিমানের কাজ, এতে আইন প্রয়োগের প্রয়োজন হবে না।
তিনি আরও মন্তব্য করেন, জনসংখ্যা নিয়ন্ত্রণের জন্য প্রতিটি ভারতীয় পরিবারের তিনটি সন্তান থাকার নীতি অনুসরণ করা উচিত। এই বক্তব্য দেশজুড়ে নতুন বিতর্ক সৃষ্টি করেছে।
সূত্র : জিনিউজ




