ভাসানচরে অবস্থানরত তিন হাজার রোহিঙ্গা পরিবারকে খাদ্য সহায়তা দিচ্ছে মানবিক সেবাসংস্থা আল-মারকাজুল ইসলামী (এএমআই)। এই কর্মসূচির আওতায় ৬৬ টন খাদ্যসামগ্রী বিতরণ করা হবে।
এর আগে গত সপ্তাহে সেখানে ৫০০ শিশুর সুন্নতে খতনা সম্পন্ন করেছে সংস্থাটি।
সংস্থা সূত্রে জানা যায়, এই কর্মসূচির আওতায় প্রায় তিন হাজার পরিবারকে মোট ৬৬ টন খাদ্যসামগ্রী প্রদান করা হবে। বর্তমানে এসব খাদ্যসামগ্রী প্যাকেজিংয়ের কাজ চলছে। নির্ধারিত সময়সূচি অনুযায়ী আগামী ২৫, ২৬ ও ২৭ আগস্ট ভাসানচরের শরণার্থী ক্যাম্পে পর্যায়ক্রমে এই খাদ্যসামগ্রী বিতরণ করা হবে।
সংস্থাটির চেয়ারম্যান হামজা শহিদুল ইসলাম জানান, ‘প্রতিষ্ঠালগ্ন থেকেই আমরা মানবিক সেবা, স্বাস্থ্যসেবা, ত্রাণ সহায়তা এবং সমাজের অসহায় মানুষের কল্যাণে কাজ করে আসছি। দুর্যোগ ও সঙ্কটকালীন মুহূর্তে মানুষের পাশে দাঁড়ানোই আমাদের মূল অঙ্গীকার। আমরা অসহায় ও দুঃখী মানুষের পাশে আমৃত্যু দাঁড়াতে চাই।’
সংস্থাটির তথ্যবিষয়ক কর্মকর্তা নাজমুল হাসান সাকিব বলেন, গত সপ্তাহে এএমআই-এর উদ্যোগে ভাসানচরে ৫০০ রোহিঙ্গা শিশুর বিনামূল্যে সুন্নতে খতনা সম্পন্ন হয়। এ সময় শিশুদের নতুন লুঙ্গি ও প্রয়োজনীয় ওষুধ সরবরাহ করা হয়। আজ রাতে আমাদের খাদ্যসামগ্রী বহনকারী ট্রাক চট্টগ্রামের উদ্দেশ্যে রওনা হবে। নির্ধারিত সময়ে চলবে বিতরণ কার্যক্রম। ইনশাআল্লাহ।
উল্লেখ্য, ১৯৮৮ সাল থেকে মানবসেবায় কাজ করছে আল-মারকাজুল ইসলামী। মানবিক সেবার অংশ হিসেবে ত্রাণ ও চিকিৎসা সহায়তায় অগ্রণী ভূমিকা পালন করছে সংস্থাটি। তাদের উদ্যোগে শিক্ষা কার্যক্রমে দেশে ১২টি এতিমখানা ও মাদারাসা পরিচালিত হচ্ছে। মানুষের কর্মসংস্থান ও পুনর্বাসনে কাজ করছে। সুন্নতে খতনা, ইফতার-সাহরি, কোরবানিতে সহায়তা করছে। কাজ করছে লাশের দাফন-কাফন নিয়ে।




