মধ্য ইসরাইলে ৯ সেনা আহত হয়েছে। তাদের মধ্যে তিনজনের অবস্থা হালকা। আর ছয়জনের অবস্থা মাঝি। বৃহস্পতিবার মধ্যাঞ্চলের কাফার ইয়োনার এক বাস স্টেশনে এই ঘটনা ঘটে। অভিযুক্তদের গ্রেফতারে অভিযান চালানো হচ্ছে।
ইসরাইলি অ্যাম্বুলেন্স সার্ভিস এক বিবৃতিতে এই তথ্য নিশ্চিত করেছে।
ইসরাইলি সংবাদমাধ্যম ‘ইসরাইল হায়োম’ জানিয়েছে, সন্দেহভাজন এক চালক গাড়ি চালিয়ে সেনাদের লক্ষ্য করে হামলা চালায়। পরে ঘটনাস্থল থেকে সে পালিয়ে যায়। তার পরিচয় এখনো প্রকাশ করা হয়নি।
ঘটনার পরপরই ইসরাইলি পুলিশ হামলাকারীকে খুঁজে বের করতে এলাকাজুড়ে ব্যাপক তল্লাশি চালাচ্ছে। পশ্চিমতীর বিভাগের পক্ষ থেকে সন্দেহভাজনকে গ্রেফতারের জন্য বিভিন্ন স্থানে চেকপয়েন্ট স্থাপন করা হয়েছে। এছাড়া পুলিশ আশেপাশের শহর ও নগরগুলোতে জরুরি ইউনিট মোতায়েনের নির্দেশ দিয়েছে।
আল জাজিরার সূত্র অনুযায়ী, হামলার জেরে ইসরাইলি বাহিনী পশ্চিমতীরের তুলকারেম অঞ্চলে জাবারা ও আনাব চেকপয়েন্ট বন্ধ করে দিয়েছে।
ইসরাইলি সম্প্রচার কর্তৃপক্ষ এই ঘটনাকে ‘সন্ত্রাসী হামলা’ হিসেবে আখ্যা দিয়েছে। পুলিশ মনে করছে, এটি ইচ্ছাকৃত হামলা। ইসরাইলি চ্যানেল ১২ জানিয়েছে, সন্দেহভাজন চালককে ধাওয়া করতে হেলিকপ্টারও ব্যবহার করা হচ্ছে।
ইসরাইলি দৈনিক ইয়েদিওথ আহরোনোথ কাফার ইয়োনার মেয়রের বরাত দিয়ে জানিয়েছে, ‘কাফার ইয়োনা বাস স্টেশনটি অত্যন্ত উদ্বেগজনক এলাকা। আমরা অনুরোধ করেছি যে অনুরূপ ঘটনা প্রতিরোধে স্টেশনটি আরো সুরক্ষিত করা হোক ‘
বর্তমানে পরিস্থিতি উত্তপ্ত এবং নিরাপত্তা বাহিনীর অভিযান অব্যাহত রয়েছে।
সূত্র : আল জাজিরা




