আগামীকাল বুধবার থেকে ভারতীয় পণ্যের উপর আমেরিকার ৫০ শতাংশ শুল্ক কার্যকর হতে যাচ্ছে। এর ঠিক দু’দিন আগে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী জানিয়েছেন, যতই চাপ আসুক ভারত মাথানত করবে না। দেশবাসীর উদ্দেশে তিনি আশ্বাস দিয়ে বলেছেন, “আমার উপর ভরসা রাখুন। চাপ মোকাবিলা করেই আমরা এগিয়ে যাব।”
সোমবার রাতে গুজরাটের আমদাবাদে রোড শো করেন প্রধানমন্ত্রী। এর আগে সরকারি অনুষ্ঠানে তিনি ৫ হাজার ৭০০ কোটি টাকার প্রকল্পের শিলান্যাস ও উদ্বোধন করেন।
দু’টি অনুষ্ঠানেই ভাষণে নাম না করে মার্কিন শুল্কনীতির সমালোচনা করেন মোদী। চ্যালেঞ্জের সুরে তিনি জানান, তার সরকার পরিস্থিতি মোকাবিলার জন্য প্রস্তুত।
অন্যদিকে, আমেরিকার ভাইস প্রেসিডেন্ট জেডি ভান্স প্রকাশ্যে জানিয়েছেন, কেন এত বড় অঙ্কের শুল্ক আরোপ করা হয়েছে। তার কথায়, রাশিয়া থেকে তেল আমদানি করে ভারত ইউক্রেন যুদ্ধে মস্কোকে আর্থিক সহায়তা দিয়েছে। এজন্য ২৫ শতাংশ জরিমানা আরোপ করা হয়েছে।
এই পরিস্থিতিতে দেশের বণিক ও ছোট-বড় ব্যবসায়ীদের উদ্দেশে আশ্বাসবাণী দিয়েছেন প্রধানমন্ত্রী মোদী। তিনি বলেছেন, কৃষক, ছোট ও মাঝারি ব্যবসায়ীদের স্বার্থ সরকার রক্ষা করে চলবে।
সূত্র : দ্য ওয়াল




