রাজধানীর উত্তরায় বাংলাদেশ বিমানবাহিনীর একটি যুদ্ধবিমান বিধ্বস্ত হয়েছে। সোমবার (২১ জুলাই) দুপুরে উত্তরা মাইলস্টোন কলেজের কাছে এই দুর্ঘটনা ঘটে।
আন্তঃবাহিনী জনসংযোগ পরিদফতর (আইএসপিআর) বিমানটি বিধ্বস্ত হওয়ার তথ্য নিশ্চিত করেছে। তারা জানিয়েছে, বাংলাদেশ বিমান বাহিনীর এফ-৭ বিজিআই প্রশিক্ষণ বিমান উত্তরায় বিধ্বস্ত হয়। বিমানটি ১টা ৬ মিনিটে উড্ডয়ন করে।
সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে এ ঘটনার একটি ভিডিও ছড়িয়ে পড়েছে। কেউ কেউ জানিয়েছে, ক্যাম্পাসে বিমান ক্র্যাশ করেছে। এতে বিল্ডিংয়ের কিছুটা ক্ষতি হয়। ওই সময় বাচ্চাদের ক্লাস চলছিল বলেও জানা গেছে।
তবে ভিডিওটির বিষয়ে আর বিস্তারিত কোনো তথ্য এখনো পাওয়া যায়নি।
এই বিষয়ে ফায়ার সার্ভিসের নিয়ন্ত্রণ কক্ষে ডিউটি অফিসার লিমা খানম বলেন, আমরা দুপুর ১টা ১৮ মিনিটে সংবাদ পেয়েছি যে উত্তরা মাইলস্টোন কলেজের কাছে একটি বিমান বিধ্বস্ত হয়েছে। ঘটনাস্থলে আমাদের তিনটি ইউনিট কাজ করছে। আরো দু’টি ইউনিট রাস্তায় আছে। তবে এই বিষয়ে বিস্তারিত আর কোনো তথ্য আমাদের কাছে এই মুহূর্তে নেই।




