মুফতি রেজাউল করীম আবরার, আসিফ আদনান ও মাওলানা জাকারিয়া মাসুদকে জড়িয়ে মিথ্যা মামলার তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়েছে জাতীয় ওলামা মাশায়েখ আইম্মা পরিষদ। মঙ্গলবার (১৫ জুলাই) দিবাগত রাত ১টার দিকে প্রতিবাদ জানিয়ে এক বিবৃতি দেয় সংগঠনটি।
বিবৃতিতে বলা হয়, সম্প্রতি ‘বাংলা ট্রিবিউন’ এ প্রকাশিত একটি খবরে আমরা গভীর উদ্বেগের সঙ্গে লক্ষ্য করেছি যে বাংলাদেশের একজন সুপরিচিত আলেম, দীনি আলোচক, লেখক ও তরুণ ইলমী ব্যক্তিত্ব এবং জাতীয় ওলামা মাশায়েখ আইম্মা পরিষদ এর কেন্দ্রীয় সাধারণ সম্পাদক মুফতি রেজাউল করীম আবরার-এর নামে সাভার থানায় করা একটি মামলায় অযথাভাবে জড়ানো হয়েছে। মামলার এজহারে তাকে এমন একটি আন্তর্জাতিক সন্ত্রাসী কর্মকাণ্ডের সাথে যুক্ত করার চেষ্টা করা হয়েছে, যার সাথে তার কোনোরূপ সম্পৃক্ততা নেই এবং যা সম্পূর্ণ মিথ্যা, উদ্দেশ্যপ্রণোদিত ও ভিত্তিহীন।
বিবৃতিতে আরো বলা হয়, মুফতি রেজাউল করীম আবরার একজন পরিচিত ইসলামী ব্যক্তিত্ব, যিনি দীর্ঘদিন ধরে কুরআন-সুন্নাহভিত্তিক শিক্ষা ও দাওয়াতি কাজে সম্পৃক্ত। তিনি রাজনীতি সচেতন তরুণ আলেম। উগ্রতা ও চরমপন্থা থেকে সবসময় দূরে থেকেছেন এবং ইসলামী মূল্যবোধের আলোকে সমাজে শান্তি, সুবিচার ও নৈতিকতার পক্ষে কাজ করে যাচ্ছেন।
‘তাঁর শিক্ষাজীবন, কর্ম, রাজনৈতিক মতাদর্শ ও সামগ্রিক অবস্থান দেশের মানুষ ও সকল ঘরাণার প্রতিষ্ঠান জানে। তাই তাকে এধরনের মনগড়া মামলায় জড়িয়ে হয়রানি করবার অপচেষ্টা কেবল একজন আলেমকে অপমানই নয়, বরং বাংলাদেশের ইসলামপন্থী জনমানসে বিভ্রান্তি ও উত্তেজনা সৃষ্টির গভীর চক্রান্ত বলে আমরা মনে করি।’
সংশ্লিষ্ট প্রশাসনের দৃষ্টি আকর্ষণ করে সংগঠনটি জানিয়েছে, সংশ্লিষ্ট প্রশাসনের প্রতি আমাদের সুস্পষ্ট বার্তা-
১. এ ধরনের মনগড়া ও ভিত্তিহীন মামলার প্রকৃত তথ্য তদন্ত করে নিরপরাধদের নাম অবিলম্বে প্রত্যাহার করতে হবে।
২. একজন প্রতিথযশা ব্যক্তিত্বকে অপবাদ ও মানহানির জন্য দুঃখ প্রকাশ করতে হবে।
৩. ধর্মীয় নেতৃত্বের ওপর জনগণের আস্থা বিনষ্টকারী সকল তৎপরতা থেকে বিরত থাকতে হবে।
অন্যথায় দেশের ওলামা মাশায়েখ ও সাধারণ জনতা কঠিন থেকে কঠিনতর কর্মসূচির দিকে অগ্রসর হতে বাধ্য হবে।
প্রেস বিজ্ঞপ্তি




