হাইকোর্ট বিভাগে নিয়োগ পাওয়া অতিরিক্ত ২৫ বিচারক আজ মঙ্গলবার দুপুরে শপথ নিয়েছেন। তাদেরকে শপথবাক্য পাঠ করান প্রধান বিচারপতি সৈয়দ রেফাত আহমেদ।
শপথ অনুষ্ঠান পরিচালনা করেন হাইকোর্ট বিভাগের রেজিস্ট্রার (বিচার) মোহাম্মদ মোয়াজ্জেম হোসেন।
এর আগে সোমবার তাদের নিয়োগের প্রজ্ঞাপন জারি করে আইন, বিচার ও সংসদবিষয়ক মন্ত্রণালয়ের আইন ও বিচার বিভাগ।
ওই প্রজ্ঞাপনে বলা হয়েছে, তাদের দুই বছরের জন্য নিয়োগ দেয়া হয়েছে। শপথ গ্রহণের তারিখ থেকে তাদের এই নিয়োগ কার্যকর হবে।
এতে বলা হয়েছে, সংবিধানের ৯৫ এর এক অনুচ্ছেদ অনুসারে বাংলাদেশের প্রধান বিচারপতির সাথে পরামর্শক্রমে সংবিধানের ৯৮ অনুচ্ছেদ অনুযায়ী ২৫ জন ব্যক্তিকে শপথ গ্রহণের তারিখ থেকে দুই বছরের জন্য হাইকোর্টে অতিরিক্ত বিচারক হিসেবে নিয়োগ দিয়েছেন রাষ্ট্রপতি।




