ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের মাধাইয়া থেকে নবাবপুর সংযোগ সড়ক দীর্ঘদিন ধরে চলাচলের অযোগ্য হয়ে পড়েছে। প্রতিদিন এই সড়ক দিয়ে কয়েক লাখ মানুষ যাতায়াত করে, তবু সরকারি কোনো সংস্কার কার্যক্রম নেওয়া হয়নি। বিশেষ করে রসুলপুর বাজার এলাকায় চারটি বড় গর্তের কারণে যান চলাচল প্রায় বন্ধের মুখে।
পরীক্ষার ছুটির সুযোগে বাড়ি ফেরেন বিভিন্ন মাদরাসার ছাত্র ও শিক্ষক। তারা লোনা ও রসুলপুর নূরানী ও হাফিজিয়া মাদরাসার নবনির্বাচিত কমিটির সদস্যদের সঙ্গে মিলিত হয়ে নিজস্ব তহবিল থেকে কয়েক লাখ টাকার বাজেট হাতে নিয়ে সড়ক মেরামতের কাজ শুরু করেছেন।
নবনির্বাচিত সভাপতি জনাব জসিম উদ্দিন বলেন, “দীর্ঘদিন ধরে আমরা ভোগান্তি পোহাচ্ছি। বারবার দাবি জানালেও কোনো সমাধান হয়নি। তাই নিজেদের উদ্যোগে এই কাজ হাতে নিয়েছি।”
তিনি আরও বলেন, “আমরা শুধু নিজেদের সুবিধার জন্য নয়, এলাকার মানুষের নিরাপদ চলাচলের জন্য কাজ করছি। আমাদের এই ছোট উদ্যোগ হয়তো পুরো সমস্যা সমাধান করতে পারবে না, তবে এটি স্থানীয়দের জন্য সহায়ক হবে। আশা করি সংশ্লিষ্ট কর্তৃপক্ষও দ্রুত সড়কটির পূর্ণাঙ্গ সংস্কার কাজ শুরু করবে।”
এছাড়াও তিনি সতর্ক করেছেন, যদি দ্রুত পূর্ণাঙ্গ সংস্কার না করা হয়, সড়কের অন্যান্য অংশও অচল হয়ে যেতে পারে এবং যান চলাচল একেবারেই বন্ধ হয়ে যাবে। তিনি সরকারের জরুরি হস্তক্ষেপ কামনা করেছেন।




