পিরোজপুর প্রতিনিধি
সাধারণ মানুষের চাহিদার ভিত্তিতেই এনসিপির ভবিষ্যত রূপরেখা তৈরি হচ্ছে বলে মন্তব্য করেছেন জাতীয় নাগরিক পার্টির আহ্বায়ক নাহিদ ইসলাম।
জুলাই গণঅভ্যুত্থানের বছরপূর্তি উপলক্ষে জাতীয় নাগরিক পার্টি (এনসিপি) ঘোষিত ‘দেশ গড়তে জুলাই পদযাত্রা’র অংশ হিসেবে পিরোজপুরে এক পদযাত্রায় এমন মন্তব্য করেন তিনি।
রোববার (১৩ জুলাই) দুপুরে পিরোজপুর সদর সিও অফিস চত্বর থেকে শুরু হয়ে শহরের কেন্দ্রীয় শহীদ মিনারে গিয়ে শেষ হয় পদযাত্রাটি। তবে দুর্যোগপূর্ণ আবহাওয়ায় প্রবল বৃষ্টির কারণে সমাবেশ সংক্ষিপ্ত করা হয়।
এনসিপির কেন্দ্রীয় নেতারা আগের রাতেই পিরোজপুরে পৌঁছান। পদযাত্রা ও সমাবেশে কেন্দ্রীয় প্রতিনিধি দলের প্রায় চল্লিশজন নেতা অংশ নেন।
সমাবেশে বক্তৃতা করেন এনসিপির শীর্ষ নেতা ও আহ্বায়ক নাহিদ ইসলাম, যুগ্ম সদস্য সচিব মশিউর রহমান, বরিশাল ও পিরোজপুর জেলার নেতৃবৃন্দ।
নাহিদ ইসলাম বলেন, ‘গণঅভ্যুত্থানের পর আমরা আর পুরনো ব্যবস্থায় ফিরে যেতে চাই না। গুম, নির্যাতন, জবরদখল আর জোর করে ক্ষমতা দখলের রাজনীতি আমরা আর সহ্য করব না।’
তিনি আরো বলেন, ‘ঐতিহাসিক জুলাই গণঅভ্যুত্থানের চেতনায় দেশের মানুষকে সাথে নিয়ে নতুন বাংলাদেশ গড়ার লক্ষ্যে আমরা পথে নেমেছি। শহর–গ্রাম ঘুরে সাধারণ মানুষের কথা শুনছি, তাদের সমস্যাগুলোর ভিত্তিতে গড়ে তুলছি ভবিষ্যতের রূপরেখা।’
এ সময় তিনি আরো বলেন, গণঅভ্যুত্থানে পরে কেউ কেউ শুধু ক্ষমতা চাইছে, দ্রুত নির্বাচন চাইছে। তাদের কাছে সংস্কার গুরুত্বপূর্ণ মনে হয়নি।’
প্রচণ্ড বৃষ্টির কারণে সময় স্বল্পতার মধ্যেও স্থানীয় জনসাধারণের অংশগ্রহণ ছিল লক্ষ্যণীয়। তবে নির্ধারিত সময়ের আগেই সমাবেশ সমাপ্ত হয়।
পিরোজপুরের কর্মসূচি শেষে কেন্দ্রীয় নেতারা ঝালকাঠির উদ্দেশে রওনা হন, যেখানে বিকেলে আরেকটি পদযাত্রা ও পথসভা অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে।




