সাবেক পুলিশ মহাপরিদর্শক (আইজিপি) বেনজীর আহমেদের নামে যুক্তরাষ্ট্র ও মালয়েশিয়ায় থাকা চারটি ব্যাংক হিসাব ফ্রিজের আদেশ দিয়েছেন আদালত। একইসাথে যুক্তরাষ্ট্রে থাকা ৪ লাখ ৩০ হাজার ডলারের আবাসিক ও বাণিজ্যিক স্পেস জব্দের নির্দেশও দেয়া হয়েছে।
সোমবার (১৪ জুলাই) ঢাকার জ্যেষ্ঠ বিশেষ জজ মো: জাকির হোসেন গালিব দুদকের আবেদনের পর এ আদেশ দেন। দুদকের উপপরিচালক হাফিজুল ইসলাম আদালতে জানান, বেনজীর তার মালিকানাধীন ও সংশ্লিষ্ট প্রতিষ্ঠানের সম্পদ হস্তান্তরের চেষ্টা করছেন।
এর আগে, ২০২৩ সালের ১৫ ডিসেম্বর জ্ঞাত আয়বহির্ভূত সম্পদ অর্জন ও তথ্য গোপনের অভিযোগে বেনজীর, তার স্ত্রী ও দুই মেয়ের বিরুদ্ধে পৃথক চারটি মামলা করে দুদক। অভিযোগে বলা হয়, বেনজীর ৯ কোটি ৪৪ লাখ টাকার অবৈধ সম্পদ অর্জন এবং ২ কোটি ৬২ লাখ টাকার সম্পদের তথ্য গোপন করেছেন। তার স্ত্রী জীশান মীর্জার বিরুদ্ধে ৩১ কোটি ৬৯ লাখ টাকার অবৈধ সম্পদ অর্জন ও ১৬ কোটি ১ লাখ টাকার তথ্য গোপনের অভিযোগ আনা হয়। বড় মেয়ে ফারহীন রিশতা ও মেজ মেয়ে তাহসীন রাইসার বিরুদ্ধে যথাক্রমে ৮ কোটি ৭৫ লাখ ও ৫ কোটি ৫৯ লাখ টাকার অবৈধ সম্পদের অভিযোগ রয়েছে।
বেনজীর আহমেদ ২০২০ সালের এপ্রিল থেকে ২০২২ সালের সেপ্টেম্বর পর্যন্ত আইজিপি ছিলেন। এর আগে তিনি ডিএমপি কমিশনার ও র্যাবের মহাপরিচালকের দায়িত্বে ছিলেন।




