সিরিয়া, হারমন পর্বত, ইসরাইল, দামেস্ক, যুক্তরাষ্ট্র, ইসরাইলি সৈন্য

সিরিয়ার হারমন পর্বতে ইসরাইলের সৈন্য মোতায়েন

সিরিয়া অভিযোগ করেছে যে ইসরাইল হারমন পর্বতের আশপাশে তাদের সীমান্তবর্তী একটি এলাকা দখল করেছে। সোমবার দামেস্ক জানায়, প্রায় ৬০ জন ইসরাইলি সৈন্য এই অভিযান চালায়, যা তারা সিরিয়ার সার্বভৌমত্বের সরাসরি লঙ্ঘন এবং আঞ্চলিক শান্তি-নিরাপত্তার জন্য নতুন হুমকি হিসেবে বিবেচনা করছে।

সিরিয়ার পররাষ্ট্র মন্ত্রণালয় এক বিবৃতিতে জানায়, এই বিপজ্জনক উত্তেজনা আঞ্চলিক শান্তি ও নিরাপত্তার জন্য সরাসরি হুমকি এবং আবারও দখলদার কর্তৃপক্ষের আগ্রাসী মনোভাবের প্রতীক।

ঘটনাটি ঘটে এমন সময়ে যখন যুক্তরাষ্ট্রের মধ্যস্থতায় দক্ষিণ সিরিয়ায় উত্তেজনা প্রশমনের লক্ষ্যে দুই দেশের মধ্যে আলোচনা চলছিল। দামেস্ক আশা করছে, এ ধরনের আলোচনার মাধ্যমে এক পর্যায়ে বৃহত্তর রাজনৈতিক প্রক্রিয়ার পথ তৈরি হতে পারে।

সিরিয়ার অভিযোগ অনুযায়ী, অভিযানটি বেইত জিন অঞ্চলের কাছে একটি কৌশলগত পাহাড়চূড়ায় সংঘটিত হয় এবং এ সময় ইসরাইলি বাহিনী ছয়জন সিরীয়কে গ্রেপ্তার করে।

অন্যদিকে, ইসরাইলি সেনাবাহিনী দাবি করেছে যে তারা দক্ষিণ সিরিয়ায় নিয়মিত নিরাপত্তা অভিযান চালিয়েছে, তবে হারমন পর্বত কিংবা বেইত জিন এলাকায় নয়। সেনাবাহিনী জানায়, অভিযানে কাউকে গ্রেপ্তার করা হয়নি, তবে সন্দেহভাজন হিসেবে একজনকে আটক করে জিজ্ঞাসাবাদ করা হয়েছে।

ইসরাইল বলছে, সিরিয়ায় তাদের সামরিক কার্যক্রম মূলত নিরাপত্তা উদ্বেগ থেকেই পরিচালিত হচ্ছে, বিশেষ করে দক্ষিণ সিরিয়ায় দ্রুজ সংখ্যালঘুদের সুরক্ষার অঙ্গীকারের অংশ হিসেবে। ইসরাইলি প্রতিরক্ষামন্ত্রী ইসরাইল কাটজ জানুয়ারিতে ঘোষণা করেছিলেন যে ইসরাইলি বাহিনী হারমন পর্বতে অনির্দিষ্টকালের জন্য অবস্থান করবে।

এরই ধারাবাহিকতায় ইসরাইল ওই অঞ্চলে কার্যত একটি নিরাপত্তা অঞ্চল গড়ে তুলেছে। তারা নিয়মিত টহল দিচ্ছে, চেকপয়েন্ট স্থাপন করেছে এবং সিরিয়ার গ্রামগুলোতে অভিযান চালাচ্ছে।

সূত্র : রয়টার্স

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *


Scroll to Top